রমজান মাসে ইফতার, তারাবি ও সেহরির সময়ে লোডশেডিং না করতে নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ বিভাগ। তবে লোডশেডিংয়ের প্রয়োজন হলে আগেই জনসাধারণকে অবহিত করতে হবে। টেকনিক্যাল কারণে বা অন্য কোন কারণে যেন লোডশেড না হয়, সে দিকে সজাগ থাকার কথাও বলেছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভায় রোববার (৪ এপ্রিল) প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্ব এমন সিদ্ধান্ত হয়। আসন্ন রমজান ও চলতি গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে ভার্চুয়াল এই সভায় আলোচনা করা হয়।
বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদার সময় উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করার নির্দেশনা দেওয়া হয়। কারিগরি কারণেও যেন লোডশেডিং না হয়, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে সভায়।
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সভায় বলেন, শতভাগ বিদ্যুতায়নের দেশে এই সভা করা অপ্রাসঙ্গিক। কিন্তু বৈশ্বিক পরিস্থিতির জন্য করতে হচ্ছে। এই যুদ্ধের জন্য অনেক দেশের প্রাতিষ্ঠানিক ভারসাম্য নষ্ট হচ্ছে।
বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সবাই একসঙ্গে থাকলে যেকোনো সমস্যাই দ্রুত সমাধান করা সম্ভব।
