জাপার সাথে আ.লীগ চাকর-বাকরের মতো আচরণ করছে: জি এম কাদের

জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বর্তমান আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে চাকর-বাকর ও দাসি-বান্দির মতো আচরণ করছে। জাতীয় পার্টিকে মূল্যায়ন করছে না। আওয়ামী লীগ তাদের বিপদে জাতীয় পার্টির সাথে একত্রিত হয়েছিল। উপ নির্বাচন ও ইউপি নির্বাচনে জাতীয় পার্টিকে অবহেলা করছে।

মঙ্গলবার দুপুরে কিং অব ফেনী কমিউনিটি সেন্টার মিলনায়তনে ফেনী জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে জাতীয় পার্টি চেয়ারম্যান এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে চরিত্রগত কোনো পার্থক্য নেই। দুদলই জনবিচ্ছিন্ন। তারা নিজেদের কথা চিন্তা করে, জনগণের নয়। ক্ষমতার পরিবর্তন হলে নেতাদের চেহারার পরিবর্তন হয়। কিন্তু রাষ্ট্রের গুণগত কোনো পরিবর্তন হয় না।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ একবার দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, পরে বিএনপি ক্ষমতায় গিয়ে দুর্নীতিতে চারবার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। আবার বিএনপি গণতন্ত্র ধংসের কাজ শুরু করেছে, আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে গণতন্ত্র পুরোপুরি ধ্বংস করেছে। দেশে এখন আর গণতন্ত্র নেই।’

আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনায় তিনি বলেন, ‘১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি স্বৈরতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এখন দেশ চলছে স্বৈরতান্ত্রিকভাবে। সরকারের বিরুদ্ধে কথা বলতে মানুষ ভয় পাচ্ছে। সরকারের সমালোচনা শুনতেও মানুষ ভয় পায়। মানুষের আতঙ্ক দেখেই বোঝা যায়, দেশে গণতন্ত্র নেই। মানুষের মাঝে আতংকই গণতন্ত্র না থাকার প্রমাণ।’

এদিন আগামী নির্বাচনে নতুন একটি নির্বাচনী জোট গড়ার আভাস দেন জাপা চেয়ারম্যান।

জি এম কাদের বলেন, ‘আগামী নির্বাচনে দুটি জোট হবে। একটির নেতৃত্বে থাকবে সরকারি দল, সাথে থাকবে তাদের সমর্থকরা। অপর জোটের নেতৃত্ব দেবে জাতীয় পার্টি। দেশের বঞ্চিত, নিপীড়িত ও নির্যাতিত মানুষ জাতীয় পার্টির পতাকা তলে যোগ দেবেন।’

এর যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, ‘দেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাদের বাঁচাতে হলে সামনে চলতে হবে। তারা জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে বিশ্বাস করে। নেতৃত্ব শূন্যতার কারণে বিএনপি কোন জোটের নেতৃত্ব দিতে পারবে না। কারণ বিএনপি নেতৃত্ব সংকটে আছে, দেশের মানুষও বিএনপির ওপর আস্থা রাখতে পারছে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *