বাংলাদেশ খাবারের স্বর্গ, আতিথেয়তা জান্নাতের সমান: মীর

মীরাক্কেলখ্যাত ভারতীয় জনপ্রিয় উপস্থাপক ও কৌতুক অভিনেতা মীর আফসার আলী। সম্প্রতি বাংলাদেশে এসেছেন তিনি ও তার দল। রাজধানী ঢাকায় ঘুরে বেড়াচ্ছেন, খাচ্ছেন পেট পুরে।

মূলত ‘ফুডকা’ নামের একটি ভ্লগ প্রজেক্টের প্রয়োজনেই এখানে এসেছেন তিনি। তার সঙ্গে আছেন আরও কয়েকজন। তারা একসঙ্গে বিভিন্ন খাবার খান, ভিডিও ধারণ করেন এবং জানান তাদের অভিজ্ঞতার কথা।

ঢাকায় আগেও এসেছেন মীর। তাই এখানকার খাবারের প্রতি তার আলাদা ভালোবাসা আছে। সেই ভালোবাসার মাত্রা এবার আরও বেড়েছে। অকপটেই বলে দিলেন, বাংলাদেশের খাবার সেরা।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে মীর বলেন, ‘পৃথিবীর বেশ কিছু দেশে ঘুরেছি। ঢাকা শহরের মতো, বাংলাদেশের মত এতো আতিথেয়তা অন্য কোথাও পাইনি। শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আছি বলে, ক্যামেরার সামনে আছি বলে বলছি, তা নয়। আমি প্রত্যেকদিন ওজন মাপছি, দু’শ গ্রাম করে বাড়ছে।’

মীর আরও বলেন, ‘সত্যিকার অর্থেই বলছি, বাংলাদেশের আতিথেয়তা জান্নাতের সমান। আমি জান্নাত দেখিনি, যাব কিনা জানি না। বেহেশতে যাব নাকি দোযখে যাব, সেটাও জানি না। কিন্তু খাওয়াদাওয়ার বিষয়ে যদি কোনো স্বর্গ থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই বাংলাদেশ।’

অনেকদিন ধরেই ‘ফুডকা’ প্রজেক্টটি নিয়ে কাজ করছেন মীর। ভারতের বিভিন্ন স্থানে গিয়ে তারা খাবার খাচ্ছেন এবং সেই খাবারের গল্প ও অভিজ্ঞতার কথা শেয়ার করছেন। তারই ধারাবাহিকতায় এলেন ঢাকায়। ভবিষ্যতে বাংলাদেশের আরও কিছু শহরে ভ্রমণ করে খাবারের স্বাদ নেওয়ার কথাও জানিয়েছেন মীর ও তার সঙ্গীরা।

ইতোমধ্যে মাওয়া ঘাটের তাজা ইলিশ খেয়েছেন মীর, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে গলধকরন করেছেন স্ট্রবেরি ভর্তা ও ভেলপুরি। আবার তেঁতুলের চা খেয়েও ভিন্ন স্বাদ নিয়েছেন।

এসব করতে গিয়ে অগণিত ভক্তের আবদারের মুখে পড়তে হচ্ছে মীরকে। লাইন ধরে তার সঙ্গে ছবি তুলছেন, কথা বলতে আসছেন। এসব ভালোবাসায় তিনি মুগ্ধ হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *