শাকিব খানের নায়িকা হতে আমেরিকায় অডিশন দিলেন ৪০ তরুণী

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের জন্মদিন ছিল সোমবার (২৮ মার্চ)। এদিন জীবনের ৪৩ বসন্তে পা রাখেন তিনি।

শতাধিক সিনেমার এই নায়ক এবার প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মদিন পালন করেন। জন্মদিন উপলক্ষে নতুন সিনেমার ঘোষণা দেন এই নায়ক। সিনেমার নাম ‘রাজকুমার’।

এদিন নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যায় ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। হিমেল আশরাফের পরিচালনায় এ ছবির নায়িকা হতে যাচ্ছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

খোঁজ নিয়ে জানা যায়, কোর্টনি কফির জন্ম বেড়ে ওঠা নিউইয়র্কের লং আইল্যান্ডে। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। তিনি সেখানকার থিয়েটারের একজন সুপরিচিত আর্টিস্ট।

শাকিব খানের বিপরীতে ‘রাজকুমার’ ছবির নায়িকা খুঁজতে গিয়ে নিউইয়র্কের একটি কাস্টিং এজেন্সির মাধ্যমে যোগাযোগ হয় কোর্টনি কফির সঙ্গে। শাকিবের ‘রাজকুমার’র নায়িকা হওয়ার জন্য ৮৬ জন যোগাযোগ করেন।

তাদের প্রোফাইল দেখে প্রাথমিকভাবে ৪০ জনকে অডিশনের জন্য ডাকা হয়। প্রাথমিক বাছাইয়ে থাকা ৪০ জন থেকে আবার অডিশনের মাধ্যমে ১০ জনকে রাখা হয়।

সেই ১০ জনের মধ্যে আবার টপ থ্রি’র নির্বাচন করা হয়। পরে গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে অভিনয়, লুক, ডান্স সবকিছু যাচাই-বাছাই করে শেষ পর্যন্ত ‘রাজকুমার’ ছবির নায়িকা হিসেবে বাদামি চোখের স্বর্ণকেশরী কোর্টনি কফিকে চূড়ান্ত করা হয়।

কোর্টনি কফি দ্য নেইবারহুড প্লে হাউজ স্কুল অব থিয়েটারে অভিনয়ে লেখাপড়া করেন। পাশাপাশি তিনি আমেরিকান শর্ট ফিল্মে দ্য স্ট্রম, কারেন্টলি দ্য ডিবেট, এভেঞ্জিং এঞ্জেলস-এ প্রধান চরিত্রে অভিনয় করেন।

এছাড়া কোর্টনি কফি থিয়েটার এ মিডসামার নাইটস ড্রিম, জুরি ডিউটি দ্য মিউজিক্যাল- অভিনয় করেছেন।

পরিচালক হিমেল আশরাফ বলেন, কোর্টনি কফি একেবারে প্রফেশনাল আর্টিস্ট। শাকিব ও আমাদের গল্পের সঙ্গে তাকে উপযুক্ত মনে হয়েছে।

সিনেমাটির মহরত অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘আমাদের দেশে হল কমতে কমতে শূন্যের কোঠায় চলে যাচ্ছে। বাংলাদেশের বাইরে যদি আমরা আরও দেড় শ হল যুক্ত করি, তাহলে বিষয়টি কী দাঁড়াবে? আমরা সেই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি। সেদিন আর বেশি দূরে নয় যে, দেশের বাইরে সিনেমা মুক্তি দিয়ে আমরা লস পুষিয়ে নিতে পারব। এটা বাংলা সিনেমার নতুন দিগন্ত তৈরি করবে।

জানা যায়, আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে। নিউ ইয়র্ক, মায়ামি বিচ ছাড়াও আমেরিকার বেশ কয়েকটি শহরে এর কাজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *