শাকিব খানের নতুন নায়িকা কোর্টনি কফি

ঢাকাই সিনেমায় নতুন অধ্যায়ের সূচনা হলো। সুদূর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মহরত হলো দেশীয় সিনেমার। সেই সিনেমায় আবার অভিনয় করবেন আমেরিকান অভিনেত্রী। চমকটা দিয়েছেন ঢাকাই সুপারস্টার শাকিব খান।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৯ মার্চ) ভোরে নিউইয়র্কের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে শাকিব প্রযোজিত নতুন সিনেমা ‘রাজকুমার’-এর মহরত। সেই আয়োজনে পরিচয় করিয়ে দেওয়া হয় নায়িকাকে। তার নাম কোর্টনি কফি। সেই সঙ্গে প্রকাশ করা হয় সিনেমার প্রথম মোশন পোস্টার।

সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘আমরা ৮৬ জন অভিনেত্রীর অডিশন নেয়ার মাধ্যমে কোর্টনিকে নির্বাচন করেছি। তিনি থিয়েটার করেন। সম্প্রতি ফিচার ফিল্মেও অভিনয় করেছেন।’

সিনেমার নাম রাজকুমার হলেও এটি কোনো ফ্যান্টাসি গল্প নয়। হিমেল জানান, সিনেমায় শাকিব খানের নাম রাজকুমার না। এটা এই সময়ের একটা গল্প এবং ড্রামা ঘরানার।

সিনেমার সিডিউল নিয়ে হিমেল আশরাফ বলেন, ‘আমরা জুলাইতে সিনেমার শুটিং শুরু করব। প্রথমে আমেরিকায় হবে শুটিং। এরপর আগস্টে বাংলাদেশে হবে দৃশ্যধারণ। ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা।’

শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হবে ছবিটি। পাশাপাশি সহপ্রযোজক হিসেবে আছেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন নামে দুজন প্রবাসী বাংলাদেশী।

মহরতে শাকিব খান জানান, শুধু বাংলাদেশ নয়, রাজকুমার মুক্তি দেয়া হবে আমেরিকা, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে। সেভাবে প্রস্তুতি নিয়েই তিনি মাঠে নেমেছেন।

তিনি বলেন, শুধু গ্রীনকার্ড নেয়ার জন্য আমেরিকাতে আসিনি। এখানে এসে দীর্ঘদিন কাজের মধ্যে ছিলাম। যেহেতু এই পরিবেশটা আমার জন্য একেবারে নতুন, তাই সবকিছু গোছাতে কিছুটা সময় লাগছে। এতদিন যে স্বপ্ন দেখতাম এখন থেকে সেই স্বপ্নের পথে হাঁটা শুরু করলাম।

‘যতদিন আমার শক্তি সামর্থ্য থাকবে, বাংলা সিনেমাকে এগিয়ে নিতে ততদিন আপ্রাণ চেষ্টা করে যাবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *