২২ বছরের ক্যারিয়ারে প্রায় ১৫ বছর একচেটিয়া দাপিয়ে বেড়াচ্ছেন শাকিব খান। প্রযোজক-পরিচালকদের পছন্দের শীর্ষে থাকা এই নায়ক অভিনয় করেছেন বেশ কিছু নায়িকার বিপরীতে। আজ ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন। তবে বিশেষ এ দিনটিতে দেশে নেই দেশসেরা এ নায়ক। রয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানেই তার জন্মদিন উদযাপিত হচ্ছে। বিশেষ দিনটি উপলক্ষে ভক্তদের নতুন চমক দিলেন এই ঢালিউড সুপারস্টার।
আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি কনভেনশন সেন্টারে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিতব্য নতুন সিনেমার জমকালো মহরত অনুষ্ঠিত হবে। আর এ সিনেমা নাম ‘রাজকুমার’। এতে শাকিব খানের বিপরীতে হলিউডের অভিনেত্রী নিকোল কিডম্যান অভিনয় করবেন বলে জানিয়েছেন এ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি।
‘রাজকুমার’ ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটির নাম। এ সিনেমায় প্রযোজনা করেছেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন।
সিনেমার অন্যতম প্রযোজক জাকারিয়া মাসুদ যুক্তরাষ্ট্র গণমাধ্যমকে বলেন, ‘শাকিব খানকে নিয়ে আজকে যে সিনেমার মহরত হবে, সেটি একটি আন্তর্জাতিক মানের সিনেমা হবে। এই সিনেমা শুধু বাংলাদেশে নয়, যুক্তরাষ্ট্রের সবগুলো সিনেমা হল, মধ্যপ্রাচ্য, ভারতসহ অনেক দেশে মুক্তি পাবে। বাংলাদেশের সব রেকর্ড ছাড়িয়ে যাবে এই সিনেমা দিয়ে।’
‘শাকিব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক। তার সঙ্গে এটি আমার প্রথম প্রজেক্ট। আমি গত ২০ বছর ধরে নাটকসহ অনেক অনুষ্ঠান প্রযোজনা করে আসছি। এই প্রথম সিনেমা প্রযোজনা করতে যাচ্ছি। কোনো কমতি রাখব না সিনেমা নির্মাণে। আমেরিকার একজন নায়িকা থাকছেন শাকিব খানের বিপরীতে। আজ জমকালো আয়োজনে শাকিব খানের জন্মদিনে সবকিছু জানানো হবে। আশা করছি আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে আমেরিকায় সিনেমার শুটিং শুরু করব। শুধু এই সিনেমা নয় আরও অনেক প্রজেক্ট করব আগামীতে। বাংলাদেশের সিনেমা এগিয়ে নিতে এটি আমাদের ছোট্ট প্রয়াস’, যোগ করেন তিনি।
সূত্র জানায়, শাকিব খানের সঙ্গে হলিউডের অভিনেত্রী নিকোল কিডম্যানের অভিনয়ের বিষয়ে কথা হয়েছে। তবে শেষ পর্যন্ত তিনি সিনেমাটিতে থাকছেন কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।
যদিও আর কয়েকঘন্টা পরই দেখা মিলবে শাকিবের নতুন নায়িকার। জমকালো মহরতে তাকে পরিচয় করিয়ে দিবেন শাকিব খান নিজেই।
