যুক্তরাষ্ট্রের নায়িকা নিয়ে নতুন মিশনে নামছেন শাকিব

প্রায় দুই যুগের সিনে ক্যারিয়ার শাকিব খানের। এর মধ্যে এক যুগের বেশি সময় ধরে করছেন রাজত্ব। ঢালিউডের শীর্ষ নায়ক হয়ে ধরে রেখেছেন নিজের অবস্থান। লম্বাই এই ক্যারিয়ারে দেশের সমসাময়িক প্রায় সব নায়িকার সঙ্গে কাজ করেছেন তিনি। কলকাতার প্রথম সারির নায়িকারাও এসেছেন তার বাহুডোরে।

এবার শাকিবের নাগাল আরও দূরে, আরও বৃহৎ পরিসরে। যুক্তরাষ্ট্রের এক অভিনেত্রীকে নিয়ে নতুন সিনেমা শুরু করতে যাচ্ছেন ঢালিউড কিং। সিনেমার নাম দেওয়া হয়েছে ‘রাজকুমার’। পরিচালনা করবেন হিমেল আশরাফ।

বিশাল আয়োজনে নির্মিত হবে সিনেমাটি। আজ সোমবার (২৮ ডিসেম্বর) শাকিবের জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠিত হবে এর মহরত। নিউইয়র্কের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে আয়োজনটি। সেখানেই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে। খবরটি গণমাধ্যমকে দিয়েছেন এই সিনেমার অন্যতম প্রযোজক জাকারিয়া মাসুদ।

‘রাজকুমার’-এর মূল প্রযোজনায় থাকছে শাকিবের প্রতিষ্ঠান এসকে ফিল্মস। সহপ্রযোজক হিসেবে আছেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন।

জাকারিয়া মাসুদ জানান, গত ২০ বছর ধরে তিনি নাটক প্রযোজনা করছেন। এবারই প্রথম সিনেমায় আসছেন। তাই আয়োজনের কমতি রাখতে চান না। শুধু বাংলাদেশে নয়, যুক্তরাষ্ট্রের সব সিনেমা হল, মধ্যপ্রাচ্য, ভারতসহ অনেক দেশে মুক্তি পাবে ছবিটি। বাংলাদেশের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশাবাদ তার।

তিনি বলেন, ‘আমেরিকার একজন নায়িকা থাকছেন শাকিব খানের বিপরীতে। আজ (২৮ মার্চ) জমকালো আয়োজনে নায়কের জন্মদিনে সবকিছু জানানো হবে।’

জানা যায়, আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে আমেরিকায় সিনেমার শুটিং শুরু হবে। টানা এর কাজ চলবে আগস্ট পর্যন্ত।

অন্যদিকে, শাকিব খান গত নভেম্বরের মাঝামাঝি থেকে আমেরিকাতে আছেন। তবে কবে দেশে ফিরবেন, তা নিশ্চিত করেননি সবচেয়ে জনপ্রিয় এ নায়ক। জানিয়েছেন, নিশ্চয়ই দেশে ফিরবেন, স্থায়ীভাবে আমেরিকায় থাকার ইচ্ছে নেই তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *