ঢালিউডের নবাগত নায়িকা রাজ রিপা। অভিনয় করেছেন ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমায়। বর্তমানে সিনেমাটি মুক্তির অপেক্ষায়। সম্প্রতি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য সিনেমার নাম ‘ময়না’।
এদিকে হঠাৎ এই নায়িকা আশঙ্কা করছেন তাকে মেরে ফেলা হতে পারে। শুধু তাই নয়; সড়ক দুর্ঘটনায় হত্যা কিংবা মেরে আত্মহত্যা হিসেবেও চালিয়ে দিতে পারে বলে জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে রাজ রিপা লেখেছেন, ‘জানি আল্লাহ তাআলার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। তবু নিজের সান্ত্বনায় বলছি, আমার সঙ্গে যদি কোনাে খারাপ কিছু হয়- যেমন, দুর্ঘটনার আহত বা নিহত অথবা সুইসাইড করার কোনো খবর আসে তাহলে বুঝে নিতে হবে এটা কোনো প্রকৃতি নয়, কোনো না কোনো মানুষের মাধ্যমে হয়েছে। ’
রাপ রিপা লেখেন, ‘নিজের হাতে নিজেকে শেষ করে দেওয়ার মতো মেয়ে আমি না। অনেক কষ্ট করে পরিস্থিতির সঙ্গে লড়াই করে নিজেকে গড়ে তুলছি। তবে জীবনে কোনো মানুষকে ঠকাইনি, বরং ঠকেছি।’
তিনি আরও যোগ করেন, ‘আমাকে প্রতিদ্বন্দ্বী না ভেবে সাপোর্ট দেওয়া উচিত। সত্যি কথা যেটা- কেউ কারো জায়গা নিতে পারে না। এমন অসুস্থ মনমানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। হিংসা পতনের মূল। ’
হঠাৎ এমন আশঙ্কা করার পেছনে কারণ হিসেবে নবাগত এই নায়িকা বলেন, ‘আমি অনুমান করছি আমার সঙ্গে খারাপ কিছু ঘটতে চলেছে। আমি এখন বলছি আমাকে মেরে ফেলার চেষ্টা করা হবে। ইতোমধ্যে একবার গাড়িচাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। ’
তবে কে বা কারা এ ঘটনার পেছনে রয়েছে সে বিষয়ে মুখ খুলেননি রাজ রিপা। তবে শিগগিরই সব প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।
