হত্যার একদিন আগে অস্ত্র ও মোটরসাইকেল পায় মাসুম

রাজধানীর শাজাহানপুরে এলোপাতাড়ি গুলিতে নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যার ঘটনায় মূল শুটার মো. মাসুম ওরফে আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া থেকে গ্রেপ্তারের পর সে পুলিশকে জানিয়েছে, কিলিং মিশনের একদিন আগে তার কাছে অস্ত্র ও মোটরসাইকেল সরবরাহ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবির) অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, হত্যার একদিন আগে অর্থ্যাৎ গত বুধবার মাসুম যখন অস্ত্র ও মোটরসাইকেল পায় তখন থেকেই সে কিলিং মিশনে নেমে পড়ে। বুধবার সে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় ঘুরেছিল টিপুকে মারার জন্য। তবে সেদিন সে ব্যর্থ হয়।

কে বা কারা মাসুমকে অস্ত্র সরবরাহ করেছে এবং ঘটনার পেছনে কারা জড়িত এমন প্রশ্ন করলে ডিবি কর্মকর্তা হাফিজ আক্তার বলেন, এ বিষয়ে এখনও বিস্তর জিজ্ঞাসাবাদ চলছে।

হাফিজ আক্তার বলেন, বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে ঘটনার পরপরই নিজস্ব প্রযুক্তির সহযোগিতা নিয়ে তদন্ত শুরু করে গোয়েন্দারা। তারই অংশ হিসেবে তথ্য আসে মাসুম ঘটনার পরপরই একটি বাসে করে জয়পুরহাটের দিকে চলে যায়। পরে জয়পুরহাট সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি জয়পুরহাট ও বগুড়ার আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে।

তারই অংশ হিসেবে বগুড়া জেলা পুলিশের সহযোগিতায় শনিবার (২৬ মার্চ) রাতে বগুড়া জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাসুম বগুড়ায় অবস্থান করে জয়পুরহাট সীমান্ত দিয়ে সুবিধাজনক সময়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এজন্য সব ধরনের প্রস্তুতিও ছিল তার।

ঘটনার দিন মাসুম গোপনে সংবাদ পায় মতিঝিল এজিবি কলোনি সংলগ্ন কাঁচা বাজার এলাকায় আওয়ামী লীগ নেতা টিপু রেস্টুরেন্টে আছে। এরপর মাসুম আসে এবং গুলি করার প্রস্তুতি নেয়। কিন্তু টিপু অনেক লোকজনের মধ্যে থাকায় গুলি করতে না পেরে গাড়ি অনুসরণ করতে থাকে। গাড়িটি শাজাহানপুর লাইনের আগে আমতলা রাস্তায় যানজটে আটকা পড়লে মাসুম টিপুকে লক্ষ্য করে উপর্যপুরি গুলি করে পালিয়ে যায়। সঙ্গে তার দুই বন্ধু ছিল বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘তার সহযোগীদের অর্থাৎ এ ঘটনার পেছনে যারা জড়িত, এবার তাদের গ্রেফতার করা হবে। এছাড়া মোটরসাইকেল ও অস্ত্রও উদ্ধার করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *