উচিত কথা বলায় ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের যেন জুড়ি নেই। যেকোনো অন্যায়–অনিয়মে কিছু বলতে রাখেন না কোনো রাখঢাক। এবার তিনি বললেন, ‘আমি মরলে আমাকে নিয়ে যেন কোনো ইন্ডাস্ট্রি আর মিডিয়ার সার্কাস না হয়।’
বৃহস্পতিবার (২৪ মার্চ) নিজের ফেসবুকে এমন কথা বলারও নিশ্চয় কোনো কারণ আছে। কী সেই কারণ, জানতে চাইলে ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ‘এক, বেঁচে থাকতে কেউ খোঁজ নেবেন না। মৃত্যুর পর সবাই জড়ো হবেন। এটা আমি চাই না। দুই, বেঁচে থাকতে আমার সব খারাপ, আর মৃত্যুর পরে সব ভালো—এটাও কাম্য নয়।’
শ্রীলেখা মিত্রের চাওয়া, তিনি সবার আড়ালেই পৃথিবীর ছেড়ে যাবেন। তিনি শান্তিতে, নীরবেই চলে যাবেন। তিনি জানালেন, এখনো তাঁর বাড়িতে ইন্ডাস্ট্রির লোকজনের ভিড় নেই। তখনো যেন না থাকে। শ্রীলেখা মিত্র তাঁর এই ইচ্ছের কথা মেয়ে আর ঘনিষ্ঠজনদেরও জানিয়ে যাবেন বলে জানালেন। শুধু তা–ই নয়, এসব কথা তিনি লিখেও যাবেন। তাঁর চাওয়া, মৃত্যুর পর তাঁর শেষযাত্রায় শুধু অংশ নেবেন তাঁর আত্মীয় ও কাছের মানুষ।
জানা গেছে, অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যু নাড়া দিয়েছে শ্রীলেখা মিত্রকে। ভারতের বাংলা চলচ্চিত্রের এই অভিনেতার মৃত্যুর পর শ্রীলেখা মিত্রের বাড়িতে সংবাদমাধ্যম ও বিনোদন অঙ্গনের লোকজনের ভিড়ে অস্বস্তিতে পড়েন। তাই এদিন বিকেলে ফেসবুকে পোস্ট করেন, ‘আমি মরলে আমায় নিয়ে যেন কোনো ইন্ডাস্ট্রি আর মিডিয়ার সার্কাস না হয়।’
