ঢাকাই সিনেমার তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। তাদের কেমিস্ট্রি নেটাগরিকদের মনে বরাবরই ভালোবাসার সঞ্চার করেছে। শোবিজের নানা আয়োজনেও একসঙ্গে তাদের সরব উপস্থিতি প্রাণোচ্ছল করে তুলে। বর্তমানে একমাত্র মেয়ে ফাইজাকে নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন প্রিয়দর্শিনী। অন্যদিকে দেশে অবস্থান করছেন ওমর সানী। তার শারীরিক অবস্থা ভালো নেই।
বুধবার (২৩ মার্চ) সোশ্যাল মিডিয়ায় মৌসুমীর ও নিজের ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন, ‘চার-পাঁচ দিন যাবত সর্দি, কাশি, গলাব্যথা- এ নিয়ে চলছিলো, সাথে ডাক্তারের পরামর্শে চলছে এন্টিবায়োটিক। কিন্তু গতকাল থেকে শরীর আর চলছে না, দোয়া করবেন আপনারা।’
এদিকে আজ (২৩ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। অসুস্থতার কারণে সেখানে যেতে পারেননি ওমর সানী।
এই নায়কের ভাষ্য, ‘দুঃখ পেলাম আজ ন্যাশনাল অ্যাওয়ার্ড যেতে পারলাম না। ভীষণ মিস করছি আমার স্ত্রী মৌসুমীকে। সে সময় দিচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে, দূরে থেকেও খুব কাছে। দোয়া করবেন।’
জানা গেছে, করোনার উপসর্গ হওয়ায় আজ বুধবার (২৩ মার্চ) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে টেস্ট করাতে গিয়েছেন ওমর সানী।
সানীর স্ত্রী নায়িকা মৌসুমী বর্তমানে মেয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন। ছেলে ও ছেলের বউকে নিয়ে দেশে আছেন ওমর সানী।
উল্লেখ্য, ঢাকাই সিনেমার তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী বিয়ে করেছিলেন ১৯৯৫ সালের ৪ মার্চ। তবে তখন বিয়ের খবরটি কাউকে জানাননি তারা। বিয়ের পাঁচ মাস পর ২ আগস্ট বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছিলেন দুজন। দুই সন্তান ফারদিন এহসান স্বাধীন ও ফাইজাকে নিয়ে সানী-মৌসুমীর সংসার। গত ২৬ মার্চ সানী-মৌসুমী পুত্র স্বাধীন কানাডা প্রবাসী কুমিল্লার মেয়ে সাদিয়া রহমান আয়েশাকে বিয়ে করেন।
