সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুরে নকল সার জিপসাম তৈরি কারখানায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার মালামাল জব্দ করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার (২৩ মার্চ) দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেলে রংপুর তাজহাট থানার আনসারী মোড়সংলগ্ন ‘ভাবনা চক পাউডার মিল’ নামক নকল জিপসাম তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ।
অভিযানকালে, অনুমোদনহীন কারখানা, ফর্মুলাবিহীন সার উৎপাদন, কাঁচামাল কেনার বৈধ কাগজপত্র ও কেমিস্ট না থাকা এবং কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা না থাকার অপরাধে নকল জীপসাম ও তৈরি উপকরণসহ আনুমানিক ২০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।
একই সঙ্গে ‘সার ব্যবস্থাপনা আইন ২০০৬’ এর ১৭ ধারায় কারখানার পরিচালক নুরপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলে জিল্লুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড এবং ত্রুটি সংশোধন না করা পর্যন্ত সকল প্রকার উৎপাদন বন্ধের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) সাজ্জাদ হোসেন জানান, মহানগরী এলাকার সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
