রমজানে ৪টি ইফতার পার্টির আয়োজন করবে বিএনপি

আসন্ন পবিত্র রমজান মাসে চারটি ইফতার পার্টির আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পবিত্র রমজান মাসে আলেম, ওলামা, এতিম, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক দলের নেতারা ও কূটনৈতিকদের সম্মানে চারটি ইফতার মাহফিল অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ২০১৯ সালে বিএনপি সর্বশেষ ইফতার আয়োজন করেছিল। আর দলের চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৬ সালে সর্বশেষ ইফতার আয়োজনে অংশ নেন। এরপর ২০১৭ সালে তিনি লন্ডনে ছিলেন। আর ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন। করোনা মহামারির মধ্যে ২০২০ সাল থেকে তিনি সরকারের নির্বাহী আদেশে মুক্ত হয়ে গুলশানের বাসভবন ফিরোজায় আছেন।

এছাড়া স্থায়ী কমিটির সভায় বলা হয়, দেশে যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধির ফলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তখন রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস বিতরণ কোম্পানিগুলোর খুচরা গ্রাহক পর্যায়ে গ্যাসের মূল্য ৩৩ শতাংশ বৃদ্ধির প্রস্তাব অযৌক্তিক ও অমানবিক। মূল্যবৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করার লক্ষ্যে বিইআরসির গণশুনানিতে পাঁচ সদস্যের টিম পাঠানোর সিদ্ধান্তও গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *