এবারো জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠান। আগামী বুধবার (২৩ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
এই আয়োজনে রাখা হয়েছে জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে অংশ নিতে দেখা যাবে চলচ্চিত্রের প্রবীণ-নবীন তারকারা। সে অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত শিল্পীরা।
এবারের সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পরেশন (বিএফডিসি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
৫০ মিনিটের বেশি, এক ঘণ্টার কম সময় দৈর্ঘ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে বলে জানান বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক মাহবুবা ফেরদৌস।
সোমবার রাতে তিনি জানান, পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু হবে ১১টায়। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে পারে ১২টার দিকে। মাহবুবা ফেরদৌসের সঙ্গে কথা বলা পর্যন্ত আয়োজনে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি যোগ দেয়ার কথা জানান তিনি।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন অভিনেত্রী রোজিনা, নূতন, অরুণা বিশ্বাস। এ সময়ের অভিনয় শিল্পীদের মধ্যে থাকছেন বিদ্যা সিনহা মিম, তমা মীর্জা, ইমন, সাইমন, পূজা চেরী, দীঘির পরিবেশনা।
আয়োজনে গান পরিবেশন করবেন আবিদা সুলতানা, রফিকুল আলম, মমতাজ, লুইপা, প্রতীক হাসান, অনুপমা মুক্তি।
মাহবুবা ফেরদৌস জানান, একদন শেষে সাদিয়া ইসলাম মৌ ও তার দলের একটি পরিবেশনা রয়েছে। যার থিম বঙ্গবন্ধু ও বাংলাদেশ।
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) হয়েছে মহড়া। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে শেষ ও চূড়ান্ত মহড়া।





