মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি- শেরপুরের শ্রীবরদী উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিলের স্ত্রী গৃহকর্ত্রী ঝুমুরের নির্যাতনের শিকার হয়ে ১০ বছর বয়সী শিশু গৃহকর্মী সাদিয়াকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন, পদযাত্রা ও আলোক প্রজ্জ্বলন করা হয়েছে৷
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে সামাজিক সংগঠন লোকাল বয়েজের উদ্যোগে পৌরশহরের চৌরাস্তা মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়৷
লোকাল বয়েজের প্রতিষ্ঠাতা পরিচালক এজেড রুমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহেল আল-আমিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাকের মাহমুদ আব্দুল্লাহ দানা, সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ৷
মানববন্ধনে বক্তারা গৃহকর্তা শাকিলকে দ্রুত গ্রেপ্তার ও কারাগারে থাকা তার স্ত্রী ঝুমুরের ফাঁসির দাবি জানান৷ এছাড়া সম্প্রতি শ্রীবরদীতে মাকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার বিচারসহ বাংলাদেশের সকল হত্যা, ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়৷ মানববন্ধন, পথযাত্রা ও আলোক প্রজ্জ্বলন শেষে চৌরাস্তা মোড়ে শাকিল ও রুমানা ঝুমুরের কুশপুত্তলী দাহ করা হয়৷
উল্লেখ্য, শেরপুরের শ্রীবরদী পৌর শহরের মুন্সিপাড়া মহল্লার দরিদ্র ট্রলিচালক সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া ওরফে ফেলি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব শাকিল ও রুমানা জামান ঝুমুর দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো৷ কাজে সামান্য ভূল হলেই গৃহকর্ত্রী ঝুমুরের বেদম প্রহার ও খুন্তির ছ্যাকার কারনে তার মাথায়, পিঠে ও কাঁধে গুরুতর জখম ও দগদগে ক্ষতের সৃষ্টি হয়৷
পরে ৯৯৯-এ ফোন পেয়ে ২৬ সেপ্টেম্বর রাতে গৃহকর্মী সাদিয়াকে উদ্ধার ও গৃহকর্ত্রী ঝুমুরকে গ্রেপ্তার করে পুলিশ৷ তবে ঘটনা জানাজানি হওয়ার পর থেকে গৃহকর্তা শাকিল গা ঢাকা দেন৷ পরে গৃহকর্ত্রী ঝুমুরকে একমাত্র আসামী করে মামলা গ্রহণ করে থানা পুলিশ৷
গৃহকর্মী সাদিয়া প্রায় একমাস চিকিৎসাধীন থাকাবস্থায় গত ২৩ শে অক্টোবর শুক্রবার সন্ধায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে মারা যায়৷
