মা-সন্তান অসুস্থ, রাতেই দেশে ফিরে আসছেন সাকিব

বাংলাদেশ জাতীর দলের ক্রিকেটার সাকিব আল হাসান রাতে দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরছেন। তার মা, দুই সন্তান ও শাশুড়ি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সেজন্য প্রোটিয়াদের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ না খেলেই দেশে ফিরতে হচ্ছে তার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনূস বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ দক্ষিণ আফ্রিকান সময় সন্ধ্যা ৬টা এবং বাংলাদেশ সময় রাত ১০টায় জোহানেসবার্গ থেকে বিমানে উঠবেন সাকিব। এরপর দেশে পৌঁছাতে তার যতক্ষণ সময় লাগে।

জালাল ইউনুস বলেন, ‘সাকিব থাকতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়; কিন্তু এখান থেকে তার স্ত্রী (উম্মে আহমেদ শিশির) সাকিবকে জানিয়েছে যে, তারা একা পরিস্থিতি সামলাতে পারছে না। এ কারণেই দেশে চলে আসার সিদ্ধান্ত নেয় সাকিব। মানবিক দিক বিবেচনা করে বিসিবিও তাৎক্ষণিক সাকিবের ছুটি মঞ্জুর করে নিয়েছে।’

তবে ঘণ্টাখানেক আগে সংবাদ মাধ্যমকে জালাল ইউনুস বলেছিলেন, ক্রাইসিস মুহূর্ত হলেই সাকিব ফিরে আসার সিদ্ধান্ত নেবে। এমন বক্তব্যের পরই সাকিব দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন।

সাকিবের পুরো পরিবার এখন হাসপাতালে ভর্তি। তার তিন সন্তান, মা শিরিন আক্তার এবং শাশুড়ি আছেন হাসপাতালের বিছানায়। মা ও শাশুড়ির অবস্থা কিছুটা সংকটাপন্ন। তবে সন্তানরা মোটামুটি ভালোই আছেন।

সাকিবের মা শিরিন আক্তার এমিনতেই হার্টের রোগী। অবস্থা কিছুটা খারাপ হওয়াতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া সাকিবের একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও মেঝো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়াতে আক্রান্ত। অন্যদিকে বড় মেয়ে আলাইনা হাসান অব্রিও ঠাণ্ডা জ্বরে ভুগছেন। তিনজনই দাদীর সঙ্গে একই হাসপাতালে ভর্তি।

সাকিবের শাশুড়ির অবস্থাও বেশ খারাপ। এমনিতে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। তিনি ভর্তি আছেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *