ফেসবুক তো বাসার ড্রইংরুম নয়: ন্যান্সি

নতুন করে ঘর বেঁধেছেন ন্যান্‌সি। বিয়ের বয়স সাত মাস। মা হতে চলেছেন। এই পরিস্থিতিতে সাংসারিক কিছু জটিলতার ভেতর দিয়ে যেতে হচ্ছিল গায়িকা ন্যান্‌সিকে। হাঁপিয়েই উঠেছিলেন। সব কথা, সব অভিমান, টানাপোড়েন—জড়ো করে পোস্ট করেছিলেন ফেসবুকে।

তারপর দুই দিন ধরে অনেক তোলপাড় হয়ে গেছে অনলাইনে। রটেছে, ‘ন্যান্‌সির এ সংসারটাও ভাঙল বলে!’ এ রকম হাজারটা হেডলাইন ঘুরেছে দুই দিন ধরে, সোশ্যাল মিডিয়ায়।

বুলিংয়ের বাঁকা তির হজম করে পরের দৃশ্যেই জীবনসঙ্গী মেহেদী মহসিনকে নিয়ে হানিমুনে ন্যান্‌সি। ডেসটিনেশন—কক্সবাজার। ‘হানিকে নিয়ে সমুদ্রের ধারে মুন দেখতে’। ততক্ষণে আলোচিত পোস্টটি ‘অনলি মি’র হিডেন বাক্সে চালান করে দিয়েছেন গায়িকা।

শনিবার রাতে, রিসোর্টের এক টুকরো বারান্দায়, মুছতে চাওয়া প্রসঙ্গটি আবারও ফেরত আসে। এবার ন্যান্‌সির কণ্ঠ ভীষণ সোজাসাপটা, অনেকটা আত্মোপলব্ধির সুরেই জানালেন, ‘বোকামি’টা নাকি তাঁরই। সব কথা পাবলিক করে দেওয়ার মানে নেই। তাতে জটিলতা বাড়ে। সোশ্যাল মিডিয়ায় সাবধানতা খুব জরুরি শব্দ। সেটাই এখন থেকে মাথায় রাখবেন ন্যান্‌সি।

ন্যান্‌সি বলেন, ‘জীবনটাকে কীভাবে দেখছি সেটা একান্তই আমার ভাবনা। আর দশজনের সঙ্গে মিলবে না। সেটা সবার সঙ্গে শেয়ার করতে যাওয়া মানে নিজের ওপর চাপ নেওয়া। নিজের ব্যক্তিগত এসব কথা হয়তো আমি ডায়েরিতে লিখতে পারি, বই আকারে লিখে রেখে যেতে পারি, কিন্তু ফেসবুকে অবশ্যই না। ফেসবুক তো আমার বাসার ড্রয়িংরুম নয়।’

ন্যান্‌সির এই আত্মোপলব্ধির পেছনে জীবনসঙ্গী মেহেদী মহসিনের অবদান অনেক। শনিবার রাতে যখন বিষয়টি নিয়ে কথা বলছিলেন গায়িকা, পাশে মেহেদীও ছিলেন।

অনেক কিছু নিয়ে আক্ষেপ ন্যান্‌সির, কেন মানুষ সুযোগ পেলেই বাক্যবাণ নিয়ে হামলে পড়ে? ন্যান্‌সির এমন অনেক কৌতূহল আর প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মেহেদী। যার সার কথা, বাঁচতে হবে নিজের মতো। এসব বিতর্ক শুধু বিরক্তিই উৎপাদন করবে। কাজে বাধা দেবে। দিন শেষে কাজটাই আসল। এসব নিয়ে মাথা না ঘামিয়ে ন্যান্‌সি বরং কাজটাই মন দিয়ে করে যেতে চান। বিতর্ক দিয়ে নয়, গানের খবর দিয়েই থাকতে চান আলোচনায়।

পরে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যতই আড়ালে রাখো, আসলে কেউ সুখী নয়’-এর কথা উল্লেখ করে ন্যান্‌সি বলেন, আসলে কেউ সুখী না। নারী জীবনের চড়াই-উৎরাইয়ের বিষয়টি আমার লেখায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি আমার স্বামীর সঙ্গে সুখী না, বিষয়টি ঠিক নয়।

গত বছরের সেপ্টেম্বরে খবর আসে বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ন্যান্সি ও গীতিকার মেহেদী মহসীন। সে সময় ন্যান্সি জানিয়েছিলেন পরিবারের সদস্যদের নিয়ে তাদের বিয়ে হয়েছে আগস্ট মাসে। বর্তমানে তিনি অন্তঃসত্ত্বা। গত ১৩ জানুয়ারি এই সুখবর প্রকাশ্যে আনেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *