ভিন্ন রূপে সিনেমা হলে ফিরছেন মুনমুন

এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রূপালি পর্দায় আগমন ঘটে মুনমুনের। তিনি ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত একটানা সিনেমায় কাজ করেছেন। তবে অশ্লীলতার জন্য তার বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করে তৎকালীন সরকার।

এ জন্য ২০০৩ সালের পর তার চলচ্চিত্রে উপস্থিতি কমে যায়। মুনমুন এখন সিনেমায় অনেকটা অনিয়মিত। ৬ বছরে ৮০টির মতো সিনেমায় কাজ করেছেন। আর গেল ১৮ বছরে সিনেমার সংখ্যা হাতে গোনা ১০টির মতো। সর্বশেষ ২০১৯ সালে হারুন-উজ-জামান পরিচালিত ‘পদ্মারপ্রেম’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

তবে ফের তার অভিনীত সিনেমা প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। ‘রাগী’ নামের এ চলচ্চিত্রটি মিজানুর রহমান মিজান পরিচালনা করেছেন। শনিবার (১৯ মার্চ) সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন বলে জানিয়েছেন এই নির্মাতা।

পরিচালক মিজান জানান, সেন্সর বোর্ডে ‘রাগী’ চলচ্চিত্রটি প্রথমে জমা দিয়েছিলাম। তবে কিছু সংশোধন করতে বলেছিল। এরপর সংশোধন করে আমি আবারও জমা দিয়েছিলাম। এরপর আর আপত্তি জানাননি সেন্সরবোর্ড। তাই ছাড়পত্র পেয়েছি। খুশি লাগছে।’

এ চলচ্চিত্রটির মাধ্যমে প্রথমবারের মতো ভিলেন চরিত্রে দেখা যাবে মুনমুনকে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, আঁচল আঁখি, মৌমিতা মৌ, কাজী হায়াৎ, সনি রহমান, আবীর চৌধুরী, শাকিল আহমেদ, মারুফ, খালেদা আকতার কল্পনা, খোরশেদ আলাম খসরুসহ প্রমুখ।

আস্থা কথাচিত্রের ব্যানারে ‘রাগী’ সিনেমাটি প্রযোজনা করেছেন জাকিয়া খাতুন জয়া। প্রযোজকের তরফ থেকে জানানো হয়েছে, ঈদুল ফিতরের পরেই সারাদেশের হলে মুক্তি দেওয়া হবে ‘রাগী’ সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *