টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)–এর সভাপতি নির্বাচিত হয়েছেন মনোয়ার পাঠান ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির।
শনিবার (১৯ মার্চ) ছিল টেলিপ্যাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ। রাতেই শুরু হয় ভোট গণনা। ভোট গ্রহণের প্রায় ২৪ ঘণ্টা পর শেষ হয় গণনা। প্রধান দুটি পদের ফলাফলের খবরটি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কামাল বায়োজিদ।
রোববার (২০ মার্চ) বিকেলে ফলাফল ঘোষণার কথা থাকলেও সেই ফল সন্ধ্যায় পাওয়া যায়। ২২৮টি ভোট গণনা শেষ হয় আজ রাত সাড়ে ৮টার দিকে।
প্রধান নির্বাচন কমিশনার কামাল বায়োজিদ বলেন, নিখুঁতভাবে ফলাফল ঘোষণা করার কারণে একটু সময় বেশি লেগেছে। এবারের নির্বাচনে সভাপতি হিসেবে এগিয়ে রয়েছেন মনোয়ার পাঠান ও সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সাজু মনতাসির।’
তবে কে কত ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন, সেটা জানাননি প্রধান নির্বাচন কমিশনার। মনোয়ার পাঠান ও সাজু মুনতাসির একই প্যানেলের হয়ে এবারের নির্বাচনে অংশ নেন। তাঁদের প্রতিপক্ষ ছিলেন রোকেয়া প্রাচী ও সাজ্জাদ হোসেন দোদুল।
উল্লেখ্য, এবার দুটি প্যানেল থেকে ২৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন। মোট ভোটার ছিলেন ২৩৯ জন।
