ঘরে একেবারে লক্ষ্মী বউয়ের মতোই থাকি: পরীমণি

জাতি, ধর্ম, সময় কিংবা বয়সের গণ্ডিতে আটকানো যায় না ভালোবাসাকে। দুটি হৃদয় যখন একে-অপরকে খুঁজে নেয়, তখন অন্য সবকিছুই অনর্থক হয়ে যায়। তেমনই অনন্য নজির তৈরি করে ভালোবাসায় ভর দিয়ে ঘর বেঁধেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ।

এদিকে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিয়ের পর তাঁদের দুজনের চলাফেরায় বেশ সুখের খবরই পাওয়া যায়। প্রায়ই নিত্য নতুন ছবি আর স্ট্যাটাস দিয়ে ভক্তদের নিজের অবস্থান জানান দেন তারা।

তবে হঠাৎ শুক্রবার (১৮ মার্চ) দুপুরে পরীমনি তাঁর ফেসবুকে ‘অতঃপর একা…’ লিখে স্ট্যাটাস দিয়েছেন। কেন এই স্ট্যাটাস? কী হয়েছে?

ফোনে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে পরীমনি বলেন, ‘আরে মানুষ একা থাকতে পারে না। এখন দুপুরের খাবারের পর এই যে আমি ঘরে একা আছি। সমস্যা কী।’

এরপর মজা করে এই নায়িকা বলেন, ‘এই ঘরে যে আমি একা, আদৌ কি আমি একা? না, আমার ভেতরে তো আরেকজন আছে। সো আমরা এখন দুজন। হা হা হা।’

পরীমনি জানালেন এখন জীবনকে নিয়ে নতুন করে ভাবতে শিখেছেন। জীবনকে নতুনভাবে গুছিয়ে এনেছেন।

বলেন, ‘যখন যে জায়গায় থাকি, তখন সেভাবেই জীবনকে যাপন করি এখন। যখন ঘরে থাকি তখন একেবারেই লক্ষ্মী বউয়ের মতোই থাকি। আবার যখন শুটিংয়ে তখনই শুধুই একজন অভিনয়শিল্পী। আগের মতো সব জায়গায় সব জিনিস মাথায় নিয়ে এখন আর চলতে চাই না। জীবনটাকে আর জগাখিচুড়ি করতে চাই না।’

উল্লেখ্য, গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়েই প্রথম দেখা হয় রাজ-পরীর। সেই দেখার মাত্র ৭ দিনের মাথায় তারা বিয়ে করেন। বিষয়টা অনেকের কাছেই অবিশ্বাস্য। কিন্তু রাজ মনে করেন, তার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি পরী।

গত ১০ জানুয়ারি রাজ ও পরী জানান, তারা সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন। একইদিন তারা প্রকাশ্যে আনেন প্রেম ও বিয়ের ঘটনা। এরপর অবশ্য ২২ জানুয়ারি আবারও বিয়ে করে আনুষ্ঠানিকতা সারেন এই দম্পতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *