জাতীয় ঈদগাহে সাহাবুদ্দিন আহমদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

সাবেক প্রেসিডেন্ট ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। আজ রোববার সকাল ১০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণস্থ জাতীয় ঈদগাহ্ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন সুপ্রিম কোর্ট জামে মসজিদের ইমাম আবু সালেহ মো. সলিমউল্লাহ।

সাবেক রাষ্ট্রপতির নামাজে জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, সিনিয়র আইনজীবীরাসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

জানাজার আগে প্রেসিডেন্ট আব্দুল হামিদের পক্ষ থেকে সাবেক প্রেসিডেন্টের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও মরহুম সাহাবুদ্দীন আহমদের পুত্র বাবার রুহের আত্মার মাহফিরাতের জন্য সবার কাছে দোয়া চান।

জানাজা শেষে সাহাবুদ্দীন আহমদের মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। সেখানে স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

শনিবার (১৯ মার্চ) সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান সাহাবুদ্দিন আহমদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে সাহাবুদ্দিন আহমদকে গুরুতর অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি করা হয়। গত কয়েক বছর ধরে সাবেক এই রাষ্ট্রপতি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে ২০১৮ সালে ৮০ বছর বয়সে মারা যান সাহাবুদ্দিন আহমদের স্ত্রী আনোয়ারা আহমদ।

তাদের পাঁচ সন্তানের মধ্যে সবার বড় ড. সিতারা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *