সাত মাস আগে গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। আপাতত সন্তানের মুখ দেখার অপেক্ষায় প্রহর গুনছেন এই দম্পতি।
গেল বৃহস্পতিবার (১৭ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে বিয়ে পরবর্তী জীবনের নানান ঘটনা নিয়ে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। জানিয়েছেন নিজের মানসিক যন্ত্রণা ও অস্বস্তির কথা। এই গায়িকার সেই স্ট্যাটাস ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ১২ হাজারের বেশি নেটজনতা ন্যান্সির স্ট্যাটাসটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। হাজারেরও বেশি মন্তব্যে ভরে গেছে কমেন্টবক্স।
এদিকে সংসার জীবন নিয়ে নানা তিক্ততার বলার একদিনের মাথায় স্বামী গীতিকবি মহসীন মেহেদীকে নিয়ে হানিমুনে চলে গেলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী
হানিমুনে যাওয়ার খবরটিও জানিয়েছেন ন্যান্সি নিজেই। ফেসবুকে নিজের ফেরিফাইড পেজ থেকে জানান, স্বামী মহসীন মেহেদীকে নিয়ে এই মুহূর্তে কক্সবাজারে আছেন তিনি। হানিমুন শেষে আগামী ২১ মার্চ কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন বলেও জানিয়েছেন ন্যান্সি।
নিজের ফেসবুকে শনিবার (১৯ মার্চ) স্বামী মেহসিন মেহেদীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘একটি সহজ বাস্তব পথচলার গল্পকে আতরে ডুবিয়ে সুগন্ধি হিসেবে নিয়ে ঘুরে বেড়ানো ফেরিওয়ালাদের জানাই নমস্কার। শুভ দুপুর।’
ন্যান্সির স্ট্যাটাস দেখে যোগাযোগ করা হয়েছিল তার সঙ্গে। ফোন রিসিভ করেই জানান, ভর্তা দিয়ে ভাত খাচ্ছেন। সঙ্গে আছেন স্বামী মেহসিন মেহেদী।
কোথায় আছেন আপনারা? জানতে চাইলে ন্যান্সি বলেন, ‘আমরা এখন হানিমুনে, কক্সবাজার। বিয়ের পর আমাদের হানিমুনে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু পরিস্থিতির কারণে যেতে পারিনি। এখন সুযোগ হয়েছে, তাই চলে আসছি।’
আপনার একটি স্ট্যাটাস ঘিরে তো অনেক জল্পনা কল্পনা- বলতেই জনপ্রিয় এ সংগীতশিল্পী বলেন, ‘এটা নিয়ে কিছু বলার নেই। আমরা ভালো আছি, বিন্দাস আছি। আলহামদুলিল্লাহ। কে কি ভাবল, তা নিয়ে আমি ভাবি না। অনেকের মনে কল্পনা থাকতেই পারে। সেটা নিয়ে আমার কিছু বলার নেই। আমার কাছে বিষয়টি খুব হাসির লাগে।’
