ভারতে নতুন মিশনে নামলেন ‘মানিকে মাগে হিথে’র ইয়োহানি

সিংহলি ভাষার গায়িকা ইয়োহানি ডি’সিলভা ‘মানিকে মাগে হিথে’ গেয়েই মন জয় করেছিলেন এশিয়া অঞ্চলের। ভারতে করেছেন ধারাবাহিক কনসার্ট, অংশ নিয়েছেন টিভি শোতে, এমনকি গেয়েছেন বলিউডেও।

এবার এই তারকার মুকুটে নতুন পালক যুক্ত হলো। ভারতের খ্যাতনামা প্রতিষ্ঠান টি-সিরিজের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি।

নতুন প্রতিভা খুঁজে আনায় বরাবরই জুড়ি মেলা ভার টি-সিরিজের। তালিকায় রয়েছেন গুরু রন্ধওয়া, জুবিন নওটিয়াল, হানি সিংহ প্রমুখ। তাতেই নবতম সংযোজন ইয়োহানি। সদ্য তিনিও সই করলেন সংস্থার চুক্তিপত্রে।

ইয়োহানিকে টি-সিরিজের মুখ হিসেবে পেয়ে খুশি প্রতিষ্ঠানটি। তারা জানায়, বরাবরই গানের দুনিয়ায় নতুন ধারা তৈরিতে শামিল হয়ে এসেছে টি-সিরিজ। তাদের আশা, ইয়োহানির মতো তরুণ প্রজন্মের প্রতিভাবান শিল্পীদের সঙ্গে পেয়ে শ্রোতাদের দুর্দান্ত সব গান উপহার দেওয়া সম্ভব হবে।

অন্যদিকে ইয়োহানি বলেন, ”মানিকে মাগে হিতে’ এই গানটি সত্যিই আমার জীবনকে বদলে দিয়েছে এবং আমি কখনই কল্পনা করিনি যে এটি এতো ভাইরাল হবে। মি. ভূষণ কুমার এবং সবচেয়ে বড় মিউজিক ব্যানার টি-সিরিজে চুক্তিবদ্ধ হতে পেরে আমি আনন্দিত। যে কোনো শিল্পীর জন্য একটি স্বপ্ন পূরণের জায়গা। আমি কৃতজ্ঞ, সেই সাথে অনেক উত্তেজিত।’

তবে টি-সিরিজে কবে গানের শুটিং শুরু হবে এখনও তা জানায়নি প্রযোজক বা শিল্পী কেউই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *