‘ফাটাফাটি প্রেমে’ শখ

টেলিভিশন পর্দার জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। বিজ্ঞাপন আর নাটকের অভিনয়ে অনেক ব্যস্ত সময় পার করেছেন এই অভিনেত্রী। তবে গত বছর খবর আসে বিয়ের পর সংসারী হচ্ছেন তিনি। তারপর অবশ্য তাকে পর্দায় আর সেভাবে কখনো দেখাও যায়নি। তবে এবার দীর্ঘদিন পর ফের পর্দায় ফিরতে যাচ্ছেন শখ।

দ্বিতীয় বিয়ের পর থেকে কোনো নাটক কিংবা বিজ্ঞাপনে দেখা যায়নি শখকে। তবে সম্প্রতি আসছে ঈদের একটি নাটকের শুটিং করেছেন তিনি। নাটকের নাম ‘ফাটাফাটি প্রেম’।

জুয়েল এলিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। এখানে শখের বিপরীতে অভিনয় করেছেন আলভী। এ নাটকের মাধ্যমে বহুদিন পর চিরচেনা আঙিনায় ফিরলেন শখ।

এই অভিনেত্রী জানান, ‘অনেকদিন পর কাজে ফিরে বেশ ভালো লাগছে। পুরনো পরিবারে ফিরেছি। সবাই আমাকে এত সুন্দর করে স্বাগত জানাবে ভাবতেই পারিনি। খুব সুন্দর একটা কমফোর্ট জোনে কাজ করছি। বেবিকে সঙ্গে নিয়ে এসেছি শুটিংয়ে। তার পরও কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না।’

আসন্ন ঈদকে সামনে রেখে আরও কয়েকটি কাজ করবেন বলে জানান শখ। তবে তিনি বলেন, ‘খুব সিলেক্টিভ কাজ করতে চাই। গড়পড়তা কিছু করতে চাই না। চেষ্টা করবো এখন থেকে মনোযোগ দিয়ে নিয়মিত কাজ করার।’

শখ এও বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি, কারও জায়গা কেউ নিতে পারে না। আমি এত দিন কাজ করিনি। অনেক নতুন মুখ এসেছেন। কিন্তু আমার জায়গায় আমিই আছি। শখ তো একটাই। তার জায়গা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই।’

২০১৮ সালের পর হঠাৎই আড়ালে চলে যান শখ। মাঝেমধ্যে টুকটাক কাজ করলেও সেভাবে তার দেখা মেলেনি। সর্বশেষ ২০২০ সালে ‘মন চোর’ নামে একটি নাটকে তাকে দেখা যায়। ওই বছরেরই মে মাসে তিনি হুট করেই গাজীপুরের ব্যবসায়ী রহমান জনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন।

বিয়ের বছর ঘুরতেই শখের কোলজুড়ে আসে কন্যাসন্তান। সব মিলিয়ে নিজেকে এবং পরিবারকে সময় দিতেই বিরতি নিয়েছিলেন বলে জানান অভিনেত্রী। শখ এর আগে ২০১৬ সালে বিয়ে করেছিলেন অভিনেতা নিলয় আলমগীরকে। সে সংসার টিকেছিল মাত্র এক বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *