সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুরের পীরাগাছায় থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার রায়ের বিরুদ্ধে এক ব্যক্তিকে অচেতন করে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
বলাৎকারের শিকার ওই ব্যক্তিকে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত বুধবার রাতে রাতে উপজেলার কলেজপাড়া সংলগ্ন এসআইয়ের ভাড়া বাড়িতে এ বলাৎকারের ঘটনা ঘটে।
এছাড়া শুক্রবার দুপুরে ওই এসআইয়ের বাড়ি থেকে আরও একজনকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পীরগাছা থানার এসআই স্বপন কুমার রায়ের স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় ২০/২৫ দিন আগে বাবার বাড়িতে চলে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে এসআই স্বপন কুমার রায় বিকৃত যৌনাচারে লিপ্ত হতে বুধবার রাতে সদর ইউনিয়নের এক ভ্যানচালককে (৪৮) তার বাড়িতে ডেকে নেন। একপর্যায়ে অচেতন করে তাকে বলাৎকার করেন স্বপন। সারারাত সেখানে অবস্থানের পর বৃহস্পতিবার সকালে সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে যান ওই ব্যক্তি। এরপর শারীরিকভাবে অসুস্থ অনুভব করলে বিষয়টি জানাজানি হতে থাকে।
পরে অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং অভিযুক্ত এসআই স্বপন কুমার রায়কে রাতেই পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এছাড়া শুক্রবার সকালে এসআইয়ের ওই বাড়ি থেকে অন্নদানগর ইউনিয়নের আরও এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেস চন্দ্র বলেন, এক ব্যক্তিকে বলাৎকারের অভিযোগে স্বপন কুমার রায়কে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ হয়নি।
