দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারো ভারতের সম্মানজনক ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কার জিতেছেন। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত অতনু ঘোষ পরিচালিত ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য তিনি এবারের সম্মাননাটি পেলেন।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় জাঁকালো আয়োজনে এবারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেসময় শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জয়া আহসানের হাতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস তুলে দেওয়া হয়।
তৃতীয়বারের মতো এই পুরস্কার পেয়ে আপ্লুত জয়া। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পুরস্কার অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি পোস্ট করে নিজের অনুভূতির কথা জানান অভিনেত্রী।
সেই পোস্টে জয়া লেখেন, ‘পরপর তিনবারের জন্য ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হতে পেরে আমি আপ্লুত। শ্রেষ্ঠ অভিনেত্রীর জনপ্রিয় বিভাগে বিনিসুতোয় ছবির জন্য কৃষ্ণসুন্দরী হাতে এলেন। ধন্যবাদ দর্শক এবং ফিল্মফেয়ার পুরস্কার কর্তৃপক্ষকে, এত ভালোবাসা দেয়ার জন্য।
‘আমার পরিচালক অতনু ঘোষ বিনিসুতোয় ছবির মধ্য দিয়ে যে নাগরিক রূপকথা বুনেছেন তার রেশ রয়ে গেল এই প্রাপ্তিতে। ছবির সমস্ত টিমকে অভিনন্দন জানাই ফিল্মফেয়ারের মঞ্চে সমালোচকদের পছন্দের সেরা ছবি, সমালোচকদের পছন্দের সেরা পরিচালক ও সেরা সম্পাদনার শিরোপা জয়ের জন্য। বিনিসুতোর বুনন আরও পোক্ত হলো আজ; শ্রেষ্ঠত্বের শিরোপা উজ্জ্বলতর হোক, সকলকে শুভেচ্ছা জানাই।’
গত বছরের আগস্টে টালিউডে মুক্তি পেয়েছিল অতনু ঘোষ পরিচালিত বিনিসুতোয়। এতে জয়া অভিনয় করেছিলেন শ্রাবণী নামের মধ্য তিরিশের এক নারীর চরিত্রে।
সেরা অভিনেত্রীর মনোনয়নের দৌড়ে জয়ার সঙ্গে ছিলেন টালিউডের অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী, রুক্সিনী মৈত্র, অর্পিতা চট্টোপাধ্য়ায়, দামিনি বেনি বসু, ঋতুপর্ণা সেনগুপ্ত ও স্বস্তিকা মুখোপাধ্যায়।
২০১৯ সালে টালিউডের সিনেমা বিজয়া ও রবিবার–এর জন্য ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া আহসান।
২০১৭ সালে মুক্তি পাওয়া টালিউডের বিসর্জন সিনেমায় অভিনয়ের জন্য ২০১৮ সালে প্রথমবারের মতো ফিল্মফেয়ার পেয়েছিলেন জয়া।
এ ছাড়া অরিন্দম শীল নির্মিত ঈগলের চোখ সিনেমায় অভিনয়ের জন্যও তিনি পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (বাংলা) মনোনয়ন। ২০১৪ সালে একই পরিচালকের আবর্ত ছবির জন্যও মনোনয়ন পেয়েছিলেন এই অভিনেত্রী।
