দীর্ঘদিন পর কাজে ফিরলেন আনিকা কবির শখ, দাঁড়ালেন ক্যামেরার সামনে। ২০১৮ সালের পর থেকেই হঠাৎ করে আড়ালে চলে যান এক সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী। এরপর মাঝেমধ্যে টুকটাক কাজ করলেও সেভাবে দেখা মেলেনি তার।
এরপর হুট করেই বিয়ের পিঁড়িতে বসেন ২০২০ সালের মে মাসে, বছর ঘুরতেই তার কোলজুড়ে আসে কন্যা সন্তান। সবকিছু মিলিয়ে নিজেকে এবং পরিবারকে সময় দিতে চেয়েছিলেন বলেই কাজ থেকে বিরতি নিয়েছিলেন।
অবশেষে ফিরলেন সেই চিরচেনা নিজের আঙ্গিনায়। গত মঙ্গলবার থেকে রাজধানীর উত্তরায় একটি ঈদের নাটকের শুটিংয়ের মধ্য দিয়ে কাজে ফেরেন তিনি। নাটকের নাম ‘ফাটাফাটি প্রেম’। জুয়েল এলিনের রচনায় নাটকটি পরিচালনা করছেন জাকিউল ইসলাম রিপন। নাটকটিতে শখের বিপরীতে অভিনয় করছেন আলভী।
আনিকা কবির শখ বলেন, ‘অনেকদিন পর কাজে ফিরে বেশ ভালো লাগছে। আমি তো আমার সেই পুরনো পরিবারেই ফিরেছি। কিন্তু সবাই আমাকে এত সুন্দর করে স্বাগতম জানাবে, ভাবতেই পারিনি। আমার অনেক বেশি ভালো লাগছে এতদিন পর কাজে ফিরে। খুব সুন্দর একটা কমফোর্ট জোনে কাজ করছি। আমি আমার বেবিকে নিয়ে শুটিং করছি, বেবিকে সাথে নিয়ে এসেছি। চেষ্টা করবো এখন থেকে মনোযোগ দিয়ে নিয়মিত কাজ করার।’
