হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন এই মহান নেতা। স্বাধীনতার স্বপ্নদ্রষ্টার জন্মবার্ষিকীতে গোটা দেশের মানুষই শুভেচ্ছা জানাচ্ছেন, স্মরণ করছেন।
বাদ যাচ্ছেন না শোবিজ অঙ্গনের তারকারাও। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান এবং ১০২তম জন্মদিন উদযাপনে নানা আয়োজন চলছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি)। সকাল ৯টা থেকে শুরু হয়েছে আয়োজন, চলবে রাত পর্যন্ত।
অনুষ্ঠানে চলচ্চিত্র সংশ্লিষ্টরা অংশ নিলেও আসেননি অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। জানা গেছে, ঢাকার অদূরে সাভারে নিজের শুটিং বাড়িতে বিশেষ এই দিনটি স্মরণ করে আয়োজন করেছেন দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল।
শিল্পী সমিতির সহসভাপতি ডিপজল বলেন, ‘আমার শুটিং বাড়িতে বঙ্গবন্ধুর জন্মদিনে নিজের তরফ থেকে এই আয়োজন করেছি। কেক কাটা ও স্বল্প আলোচনার মাধ্যমে এই মহান নেতাকে স্মরণ ও তার জন্মদিন পালন করা হয়।
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের নাম দিয়েছেন। তার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তিনি বাঙালি জাতির পিতা। তার প্রতি গোটা বাংলাদেশ কৃতজ্ঞ। তাই আজকের এই মহান নেতার জন্মদিনে তাকে স্মরণ করেছি, তার জন্মদিন পালন করেছি, তার জন্য দোয়ার আয়োজন করেছি।’
এদিকে রাজধানীর বিএফডিসিতে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন। নায়ক আলমগীরের নেতৃত্বে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আয়োজনে দিনভর চলছে জন্মদিন পালন।
