ধর্ষণ মামলায় পলাতক, এলাকায় ফিরেই চেয়ারম্যানের শোডাউন

মোঃ নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ধর্ষণ মামলায় দেড়মাস পলাতক থেকে হাইকোর্ট থেকে ডাইরেকশন নিয়ে ফিরেই কুলকাঠি ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু কৌশলে ফেসবুকে আগামী ১৭ মার্চ সমাবেশের নামে শো-ডাউনের ঘোষণা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নলছিটি উপজেলার কুলকাঠির ইউনিয়নের এই চেয়ারম্যান ‘বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর’ নামে এ কর্মসূচীর ঘোষণায় ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এদিকে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও অভিযুক্ত চেয়ারম্যান বাচ্চুর ডাকা সমাবেশ বর্জন করে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আলাদা কর্মসূচী পালন করবেন বলে জানা গেছে।

নির্যাতিতা তরুণী জানায়, ‘চাকুরী-বিয়ের প্রলোভন দেখিয়ে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাচ্চু আমাকে একাধিক দিন ধর্ষণ করে এবং এ ঘটনায় আমি আইনের আশ্রয় নেয়ায় এখন প্রতিমূহূর্ত আমাকে ও আমার পরিবারকে খুন-গুমের হুমকি দিচ্ছে।’

এ বিষয়ে কুলকাঠি ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক মল্লিক জানান, ধর্ষণ মামলায় হাইকোর্ট থেকে ডাইরেকশন নিয়ে এসেই কারো সাথে কোন আলাপ না করে চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু নিজেই ১৭ মার্চ ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশের কর্মসূচী ঘোষণা করে।

তিনি বলেন, ধর্ষণ মামলার পর আমরা জেলা-উপজেলা আ.লীগ নেতৃবৃন্দকে জানালেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে সাংগঠনিক কোন ব্যবস্থা নেয়া হয়নি। তবে দলীয় ভাবমূর্তী ও ইজ্জত রক্ষায় কুলকাঠি ইউনিয়ন কমিটির নেতাকর্মীরা কুলকাঠি বাজারে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করবো।

অন্যদিকে চেয়ারম্যান বাচ্চুর ফেসবুক ষ্টাট্যাসে নিয়ে নিজ দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্তরের সাধারণ মানুষ নানারকম মন্তব্যে ও কটুক্তিতে পোষ্টটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে বলে নেতৃবৃন্দ জানিয়েছে। বেশীর ভাগ মানুষই তার এ আয়োজন বন্ধ করে দিতে দলীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *