করোনার নতুন ভ্যারিয়েন্ট আসতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: দেশে করোনা নিয়ন্ত্রণে এলেও চলে যায়নি, তাই এখনও সচেতন থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, ‘প্রথমে ডেল্টা, এরপর ওমিক্রন, এরপর নতুন কোনো ভাইরাস (ভ্যারিয়েন্ট) আসতে পারে। এ জন্য আমাদের আগে থেকে প্রস্তুত হতে হবে।’

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার দুপুরে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘করোনা মোকাবিলায় চিকিৎসকরাই সবচেয়ে বড় হাতিয়ার ছিল। তাদের মাধ্যমেই সম্ভব হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এই করোনা নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনের জন্য ইউরোপ-আমেরিকায় চেষ্টা করেছিলাম, কিন্তু সাড়া পাইনি। তখন চীন ৩ মাসের মধ্যেই ৭ কোটি টিকা দিয়েছিল। পর্যাপ্ত ভ্যাকসিন পাওয়ার কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

জাহিদ মালেক বলেন, বর্তমানে অর্থনৈতিকসহ সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে, জিডিপির প্রবৃদ্ধি বাড়ছে।

এ সময় মন্ত্রী আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি তদন্তে আমরা কমিটি করে দিয়েছি। কেউ দোষী প্রমাণ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শনিবার (১২ মার্চ) এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনেশন প্রোগ্রামে আমরা ২০০ দেশের মধ্য অষ্টম স্থানে আছি। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ও তার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *