সানি লিওনের নামে মিথ্যাচার করা হচ্ছে: ড্যানিয়েল

পুনর্জন্মের পর সানি লিওনের জীবন বদলে গেছে। প র্নো গ্রাফির নীল দুনিয়াকে বিদায় জানিয়ে এখন তিনি দ্যুতি ছড়াচ্ছেন বলিউডে। যদিও করণজিৎ কৌর থেকে সানি লিওন হয়ে ওঠা সহজ কাজ ছিল না তার। নানা চড়াই-উতরাই পেরিয়ে আজকের এই অবস্থানে তিনি। ভারতবর্ষ তো বটে, পদ্মাপাড়ের দেশটিতেও তিনি সমান জনপ্রিয়। কোমর দুলিয়েছেন বাংলা গানেও।

শামীম আহমেদ রনি পরিচালিত ‘সোলজার’ নামে একটি সিনেমার শ্যুটিংয়ে অংশ নিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ওয়ার্ক পারমিট চেয়ে আবেদন করেছিলেন সানি। মন্ত্রণালয় প্রথমে তাকে অনুমতি দিয়েও পরে তা বাতিল করে দেয়।

কাজের অনুমতি বাতিল প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘একটি চলচ্চিত্রের কাজে সানি লিওনসহ ১০ জন শিল্পীকে বাংলাদেশে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সানি লিওন তার পরিচয় (নাম) গোপন করে ভিন্ন নামে, মার্কিন নাগরিক দেখিয়ে অনুমতি নেন। বিষয়টি জানার পর তার বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়।’

তথ্যমন্ত্রীর এই মন্তব্যের একদিন পর ঢাকায় পা রাখলেন সানি লিওন। তবে ওয়ার্ক পারমিট নয়, তিনি এসেছেন ট্যুরিস্ট ভিসায়। কেবল ভ্রমণের ক্ষেত্রে সানির জন্য বাংলাদেশের দরজা খোলা।

গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন ফারজানা মুন্নী ও চ্যানেলটির কৌশিক হোসেন তাপস দম্পতির মেয়ের বিয়ের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন সানি লিওন।

এদিকে বাংলাদেশের মন্ত্রীর এই বক্তব্য নিয়ে আপত্তি জানিয়েছেন সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবার। গণমাধ্যমকে তিনি বলেন, ‘সানির নামে মিথ্যাচার করা হচ্ছে। সে কোনো প্রতারণার আশ্রয় নেয়নি। সানি আর কখনও বাংলাদেশে কাজ করবে না।’

তিনি আরও বলেন, ‘সানির আসল নাম করণজিৎ কৌর, এটা কারও অজানা নয়। এখন যদি কেউ না জানেন, তাহলে সে দোষ তো সানির নয়। এসব ঝামেলায় আমরা আর জড়াতে চাই না। আমরা সুখে আছি। সুখে থাকতে চাই। আপনারাও আনন্দে থাকুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *