কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল জেলা বিএনপি কর্তৃক ঘোষিত কালিহাতী উপজেলা বিএনপি’র ত্যাগী ও পরিক্ষিত নেতৃবৃন্দের মতামত উপেক্ষা করে মনগড়া একতরফা ভাবে আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কালিহাতী পৌর ও এলেঙ্গা পৌর ছাত্রদল।
শনিবার বিকালে বিক্ষোভ মিছিলটি উপজেলার এলেঙ্গা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন ভূঞাপুর সড়কের হলপাড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ মো. আমিনুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শরিফ মোল্লা, এলেঙ্গা পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. রাকিব মোল্লা, হামিদ মিয়া, এলেঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব ফারুক হোসেন বাবু, যুগ্ম-আহ্বায়ক সহিদুল ইসলাম, দশকিয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ওয়াসিম আকরাম, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে দালালদের দিয়ে গঠিত কমিটি বাতিল করতে হবে। যে কমিটিতে উপজেলা বিএনপির সিনিয়র ও ত্যাগী নেতৃবৃন্দের মতামত উপেক্ষা করা হয়েছে সে কমিটি কালিহাতীতে কোনভাবেই টিকতে দেয়া হবে না।
