ঢাকা: করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
রাজধানীর শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে শনিবার সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনার সংক্রমণ কমে এসেছে এবং সার্বিক পরিস্থিতিও এখন স্বাভাবিক হয়েছে। বিশেষজ্ঞদের সুপারিশ নিয়ে আমরা আগামী ১৫ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছি। ওই দিন থেকে শ্রেণিকক্ষে পুরোদমে ক্লাস শুরু হবে।’
তিনি আরও বলেন, “মহামারি পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকায় যারা টিকা পেয়েছে এবং যারা টিকা পায়নি সবাই নিজেদের স্কুলে যেয়ে ক্লাস করতে পারবে।”
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত নোটিশ দেয়া হবে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বলে দেয়া হবে।’
এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘স্কুল-কলেজে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরুর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে শিগগিরই স্কুল-কলেজে স্বাভাবিক রুটিনে ক্লাস শুরু হবে।’
করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান। গত ৯ মার্চ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকভাবে সপ্তাহে দুদিন ক্লাস হবে।
