এবার মুখ খুললেন মালেক আফসারী

বর্তমানে ঢালিউড পাড়ায় চলছে একের পর এক নাটকীয় ঘটনা। এদিকে ঢাকাই সিনেমার অভিনেত্রী ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য অরুণা বিশ্বাস সাম্প্রতিক সময়ে জনপ্রিয় নির্মাতা মালেক আফসারীর বানানো এক ভিডিওকে কেন্দ্র করে থানা জিডি করেছেন।

চিত্রনায়িকা অরুণা গত ৭ মার্চ পরিচালক মালেক আফসারীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের অভিযোগে রাজধানীর তেঁজগাও শিল্পাঞ্চল থানায় এই জিডি করেন।

বিষয়টি নিশ্চিত করে অরুণা বিশ্বাস বলেন, ‘ফাজলামির একটা লিমিট আছে, এভাবে বারবার প্রতিটা শিল্পীকে নিয়ে তিনি বাজে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানান জায়গায় ছড়িয়ে দেন। এবার আর আমি ছাড় দিচ্ছি না।’

অরুণা বলেন, ‘তিনি প্রকাশ্য ক্ষমা না চাইলে ১০ কোটি টাকার মানহানি মামলা করবো। সবাইকে নিয়ে এমন বানোয়াট কথা বলা বন্ধ করতে হবে তাকে। কেউ কিছু বলেনা বলে সাহস পেয়েছেন তিনি। এর শেষ দেখতে চাই।’

এ বিষয়ে অবশেষে মুখ খুললেন নির্মাতা মালেক আফসারী। তিনি বলেন, ‘মূলত ভিডিওটিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের অনিয়ম নিয়ে কথা বলা হয়েছে। সেখানে অরুণা বিশ্বাস সম্পর্কেও কথা বলা হয়েছে। উনি সেন্সর বোর্ডের সদস্য ও বিচারক। উনি যেহেতু সম্মানের স্থানে আছেন, সেহেতু উনার সম্মানের জায়গাটা রাখা দরকার। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে চলমান দ্বন্দ্ব সম্পর্কে তার ভূমিকা থাকা দরকার ছিল। এসব নিয়ে কথা হয়েছে।’

মালেক আফসারী আরও বলেন, ‘ভিডিও দেখার পর অরুণা বিশ্বাস আমাকে ফোন করে বলেন, তিনি কষ্ট পেয়েছেন। আমি বললাম কষ্ট পেয়ে থাকলে প্রাইভেট করে দিচ্ছি, দিয়েছিও।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *