নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রুপগঞ্জে দুই সয়াবিন তেলের কারখানায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত সিটি গ্রুপের তীর সয়াবিন এবং বাংলাদেশ এডিবল অয়েলের রূপচাঁদা মিলে অভিযান চালানো হয়।
এ সময় দুটি মিলেই পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দেখতে পান তারা। তবে সরকারি বিধি অনুযায়ী মিল থেকে ডিলার বা পাইকারি ক্রেতাদের চালান রসিদের সঙ্গে ইউনিট মূল্য উল্লেখ করে দেওয়ার নিয়ম থাকলেও দুটি মিলেই তা পাওয়া যায়নি। সেই সঙ্গে মিলে তেল মজুত থাকলেও ডিও কাটার এক মাস পর ডিলারের কাছে পণ্য পাঠানো হচ্ছে বলে কর্মকর্তারা দেখতে পান। সরকারি নির্দেশ না মানায় মিল দুটিকে সতর্ক করে সরকারি বিধি অনুযায়ী ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার অভিযানে নেতৃত্ব দেন। তিনি বলেন, পরিদর্শনকালে দুটি মিলে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল মজুত দেখা গেছে। এ ছাড়া জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের সরবরাহের কাজগপত্র খতিয়ে দেখা হয়েছে। এতে দেখা যায়, সরবরাহ চেইন স্বাভাবিক আছে।
তিনি বলেন, পাইকারি বাজার থেকে বারবার অভিযোগ করা হচ্ছে, মিল গেট থেকে সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। যে কারণে বাজারে তেলের সংকট হচ্ছে। আসলে দাম কারা বাড়াচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দামের কারসাজি হচ্ছে কিনা, সে বিষয়টি লক্ষ্য রাখা হচ্ছে। পর্যায়ক্রমে সব মিল পরিদর্শন করা হবে।
