সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: বর্তমান সরকার ও সরকারের গড়া নির্বাচন কমিশনের মাধ্যমে বিএনপি কখনোই নির্বাচনে অংশ নিবেন না বলে জানিয়েছেন জাতীয়তাবাদি যুবদলের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে রংপুর জেলা ও মহানগর যুবদলের আয়োজনে বিভাগীয় সমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সাংবাদিকদের টুকু বলেন, সরকারের ব্যর্থতার কারণে আজ বাজারের এ পরিস্থিতি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই লুটপাট, মজুদদারি সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে। তাদের পকেট ভারী করে।
তিনি আরো বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে সরকারের কাছে জনগণের মূ্ল্য নেই। দেশের মানুৃষ ভালো নেই। এদেশের মানুষ আর এই সরকারকে চায়না বলেও জানান তিনি।
বিভাগীয় সমাবেশে রংপুর ছাড়াও বিভাগের আট জেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ যোগ দেন।
