অরুণা বিশ্বাসের পাশে দাঁড়িয়ে যা বললেন নাঈম-শাবনাজ

ঢাকাই পরিচালক মালেক আফসারী নামে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। ব্যক্তিগত আক্রমণের অভিযোগ এনে এই নির্মাতার নামে রাজধানীর তেঁজগাও শিল্পাঞ্চল থানায় অভিযোগ করেন তিনি।

এই ঘটনায় এবার অরুণা বিশ্বাসের পাশে দাঁড়ালেন নব্বই দশকের জনপ্রিয় তারকা জুটি নাঈম-শাবনাজ।

সামাজিকমাধ্যম ফেসবুকে ‘নাঈম-শাবনাজ’ নামের তাদের যৌথ একটি পেজ রয়েছে। সেখানে একটি ছবি শেয়ার করেছেন এই তারকা দম্পতি। যেখানে দেখা যায়, অরুণা বিশ্বাস ও কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ মিলে নাঈম-শাবনাজের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন।

এর ক্যাপশনে তারা লেখেন, ‘একজন শিল্পী’কে ব্যক্তিগতভাবে আক্রমন করা মানেই হলো পুরো শিল্পী পরিবারকে আক্রমন করা। আমাদের সবার প্রিয় শিল্পী অরুণা বিশ্বাস দিদি’কে একজন পরিচালকের ব্যক্তিগত আক্রমন’র তীব্র প্রতিবাদ জানাই। ’

‘চাঁদনী’খ্যাত এই জুটি আরও লেখেন, ‘শিল্পী এবং পরিচালক একই পরিবারের। একজনকে ছোট করে, অসম্মান করে কেউই আলাদাভাবে বড় হতে পারেন না। তাই আসুন পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে আগামীর পথে আমরা এগিয়ে চলি…। ’

এর আগে (৯ মার্চ) হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে ওমর সানী লিখেন, শিল্পীদের নিয়ে যা খুশি বলে যাবে, এটা হবে না। প্রতিবাদ এভাবেই হোক। আগাছা টাইপ ইউটিউব চ্যানেলগুলোর দিকে রাষ্ট্রীয়ভাবে দৃষ্টি রাখা উচিত তথ্য মন্ত্রণালয়ের। অরুণা, তোমার খুব ভালো উদ্যোগ দোস্ত।

এর আগে অরুণা বিশ্বাস বলেন, তিনি (মালেক আফসারী) একজন জ্যেষ্ঠ পরিচালক। তার সিনেমায় কাজ করেছি আমি। একজন শ্রদ্ধেয় মানুষ। তো তিনি কেন আমাকে ব্যক্তিগত আক্রমণ করলেন তা বোধগম্য নয় আমার। আসলে অবাক হয়েছি। আমি মনে করি, এতে আমার সামাজিক ভাবমূর্তি নষ্ট হয়েছে, আমার পরিবারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমি দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং সততার সঙ্গে সম্মান নিয়ে কাজ করছি। কেউ আমার সম্মান নষ্ট করবে তা তো আমি মেনে নেব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *