আজ কলকাতা তো কাল বাংলাদেশ। দুই বাংলা থেকেই অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার চমকে যাওয়ার মতো প্রজেক্টের ঘোষণা আসছে। এদিকে তার অভিনীত মোট ৬টি সিনেমা এখন মুক্তির অপেক্ষায় আছে।
নিজেকে বড় পর্দায় দেখার আগেই হাফ ডজন সিনেমায় নাম লেখানোটা তার ক্যারিয়ারে নতুন মোড় দিবে বলেই অনেকেই মনে করছেন। এই অভিনেত্রী সম্প্রতি বাংলাদেশের নতুন একটি সিনেমায় নাম লেখালেন।
গিয়াস উদ্দিন সেলিমের অনুদানের ছবি ‘কাজল রেখা’য় যুক্ত হয়েছেন তিনি। এতে প্রথমবারের মতো তাকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে।
তার ভাষ্যে, ‘সবসময় এমন চরিত্রে কাজ করতে চেয়েছি যে চরিত্রে মানুষ আমাকে ভাববে না। টেলিভিশনে এত বছর যে চরিত্র করেছি তার চেয়ে এ চরিত্রটি আলাদা।’
মিথিলা আরও জানান, ‘প্রায় দুই বছর আগে গল্পটি শোনান নির্মাতা। তখন কঙ্কন দাসী চরিত্রটিই পছন্দ হয়। এটি এন্টাগনিস্ট (নেতিবাচক) চরিত্র। এমন চরিত্রে এবারই প্রথম কাজ করছি। সেলিম ভাইয়ের সাথেও প্রথম কাজ।’
জানা যায়, প্রায় ৪০০ বছর আগেকার কাহিনি তুলে ধরা হবে ছবিতে। সে সময় পুতুল খেলার বয়সে মেয়েদের বিয়ে হতো। কাজলরেখার বয়স যখন নয়, তখন তৈরি হয় নতুন এক গল্প।
মিথিলা এ প্রসঙ্গে বলেন, ‘ময়মনসিংহ গীতিকা অবলম্বনে সিনেমার কাহিনি। এককালে মানুষের মুখে মুখে এ কাহিনি শোনা যেত। পুরানো গল্প হলেও বাঙালি তার সাথে পরিচিত। সিনেমাটির প্রতি দর্শকের বাড়তি আগ্রহ থাকবে সন্দেহ নেই। একজন অভিনয়শিল্পী হিসেবে আমারও অভিনয়ের প্রতি বাড়তি মনোযোগ থাকবে। তা ছাড়া এ চরিত্রে অভিনয়ের অনেক সুযোগ আছে। কঙ্কন দাসী একজন উচ্চাকাঙ্ক্ষী ও বুদ্ধিমতী। এমন চরিত্রে অভিনয় করা চ্যালেঞ্জিং। চরিত্রটির গভীরতা অনেক।’
‘কাজলরেখা’য় আরও অভিনয় করবেন শরীফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, ইরেশ যাকের প্রমুখ। এপ্রিলে ২০১৯-’২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা নিজেই।
