পরীমণির হাতে গরুর মাংস ও চিংড়ি মাছ আমার খুব প্রিয়: শাশুড়ি

ঘর বেঁধেছেন আলোচিত তারকা পরীমণি ও শরিফুল রাজ। বিয়েটা হয়েছে গত বছরের সেপ্টেম্বরে। তবে সবাইকে নিয়ে সেই আনুষ্ঠানিকতা সেরেছেন জানুয়ারিতে। তারপর আবারও ‘গুণিন’ বাড়িতে বিয়ের পিঁড়িতে বসলেন পরী-রাজ।

পালকিতে স্বামী শরিফুল রাজের সঙ্গে হাজির হন তারা। তাদের নতুন ছবি ‘গুনিন’-এর মুক্তিকে সামনে রেখে এমন অভিনব প্রচারণা।

বুধবার (৯ মার্চ) রাজধানীর একটি বিনোদন কেন্দ্রে এর প্রিমিয়ার শো আয়োজন করা হয়। অনুষ্ঠানের শিরোনাম রাখা হয় ‘গুনিন বাড়ির রমিজ-রাবেয়ার বিয়ে’। ছবিটিতে রমিজ চরিত্রে শরিফুল রাজ ও রাবেয়ার ভূমিকায় দেখা যাবে পরীমণিকে।

সেখানে উপস্থিত হয়েছিলেন পরীর নানা ও রাজের মা।

রাজের মা জাহানারা বেগম পরীর প্রশংসায় পঞ্চমুখ। বললেন, ‘ও খুব লক্ষ্মী। রান্না করে খাওয়ায়। তার হাতের গরুর মাংস ও চিংড়ি মাছ আমার খুব প্রিয়।’

তিনি আরও বলেন, ‘আমার পুত্রবধূর অনেক মায়া-মহব্বত। আমাকে আম্মু বলে ডাক দেয়, আদর-যত্ন করে আবার অনেক খেয়ালও রাখে। এককথায় সে অনেক ভালো।’

প্রিমিয়ারে পরীমণি, শরিফুল রাজ ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা ইরেশ যাকের, নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম ও ‘চরকি’র প্রধান নির্বাহী রেদওয়ান রনিসহ শোবিজ অঙ্গনের অনেকেই।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প থেকে সিনেমাটির চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা নিজেই। নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। আগামীকাল (শুক্রবার) ১১ মার্চ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘গুণিন’। এরপর এর প্রযোজনা প্রতিষ্ঠান চরকির ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *