পরীমণির প্রশংসায় পঞ্চমুখ শাশুড়ি

সিনেমায় নাম লেখানোর আগেই বেশ কয়েকবার আলোচনায় এসে জানান দিয়েছেন ক্যারিয়ারের দৌড় কোথায় গিয়ে পৌঁছবে। ছবি মুক্তির আগেই আলোচনা ও সমালোচনার চাদর গায়ে জড়িয়ে দাপিয়ে বিচরণ করেছেন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ সাইটগুলোতে। সেই ধারাবাহিকতায় একই সূতিকাগারে আবদ্ধ হয়ে আছেন পরীমণি।

এদিকে, শাশুড়িকে নিয়ে বুধবার সন্ধ্যায় নিজের ‘গুণিন’ সিনেমা দেখেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। পুত্রবধূ ও ছেলে শরিফুল রাজ অভিনীত সিনেমা বেশ ভাল লেগেছে জাহানারা বেগমের।

সিনেমাটির প্রিমিয়ার শেষে এক আলাপচারিতায় উচ্ছ্বাসের সঙ্গে বলছিলেন সেই কথা। শুধু সিনেমা দেখেই উচ্ছ্বাসই নয় পুত্রবধূর প্রশংসায় মেতেছিলেন জাহানারা বেগম। বলেছেন, ‘আমার পুত্রবধূ অনেক ভালো, আমাকে নিজে হাতে রান্না করে খাওয়ায়; মায়া মহব্বত করে। আমাকে আম্মু বলে ডাক দেয়… অনেক খেয়াল করে, আদর যত্ন করে।’

জাহানারা বেগম আরও জানিয়েছেন, পরীর হাতের গরুর মাংস ও চিংড়ি মাছ তাঁর প্রিয়।

চরকি প্রযোজিত ‘গুণিন’ ছবির কাজ করতে গিয়েই রাজ ও পরীমণি সম্পর্কে জড়ান। এরপর মাত্র সাতদিনের ব্যবধানে চুপিসারে বিয়ে সেরেছেন তারা! ঘটনাটি গত বছরের ১৭ অক্টোবরের। এরপর দুই পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পরীমণি ভাষ্য, ‘গুণিনের মাধ্যমেই আমাদের পরিচয়। এই ছবিতেও বিয়ে করি আমরা। তাই আজকে এই সাজ। ধরতে পারেন এটা আমাদের বিয়ে-পরবর্তী সংবর্ধনার আয়োজন।’

রাজ-পরী বাদেও প্রিমিয়ারে গুণিন-এর পরিচালক গিয়াস উদ্দিন সেলিমসহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি, কমিউনিকেশন্স অফিসার তানজিনা রহমান তাসনিমসহ অন্যান্য কর্মকর্তারা।

হাসান আজিজুল হকের ছোটগল্প গুণিন অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। আগামী ১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে গুণিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *