ফের মা হচ্ছেন নায়িকা রুমানা

ফের মা হতে চলেছেন একসময়ের জনপ্রিয় নায়িকা রুমানা খান। চলচ্চিত্রের এই নায়িকা দীর্ঘদিন ধরে আমেরিকার নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন। ফের মা হতে যাওয়া উপলক্ষে সেখানেই সম্প্রতি একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেন রুমানা।

ওই অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সে সব ছবিতে অভিনেত্রীর ‘বেবি বাম্প’ একেবারেই স্পষ্ট দেখা যাচ্ছে।

রুমানার ওই ঘরোয়া অনুষ্ঠানে অভিনেত্রী নওশীন আহমেদ এবং অভিনেতা টনি ডায়েসের স্ত্রী প্রিয়া ডায়েসও উপস্থিত ছিলেন। একসময়ের এই দুই অভিনেত্রীও রুমানার মতো দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন।

এর আগে ২০১৯ সালের ২২ অক্টোবর প্রথম মাতৃত্বের স্বাদ পান রুমানা। নিউ ইয়র্কের আইল্যান্ড জুইশ হাসপাতালে জন্ম দেন কন্যাসন্তান। নাম রাখেন আভাঙ্কা রহমান। তবে এবার ছেলে হবে না মেয়ে, সে বিষয়ে অবশ্য কিছু জানাননি ‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’ ছবির নায়িকা।

উল্লেখ্য, মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন রুমানা খান। ২০০৪ সালে তিনি নাম লেখান সিনেমায়। তার প্রথম সিনেমা ‘জয়যাত্রা’। ২০১০ সালে ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’ সিনেমায় অনবদ্য অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন তিনি।

রুমানাকে সর্বশেষ দেখা গেছে ২০১৪ সালে প্রচারিত ‘যত দূরে যাবে বন্ধু’ শীর্ষক একটি নাটকে। ওই বছরই মডেলিং ও অভিনয় ছেড়ে অভিনেত্রী পাড়ি দেন মার্কিন মুলুকে। সেখানে তার সঙ্গে পরিচয় হয় ব্যবসায়ী এলিন রহমানের। একপর্যায়ে তারা সম্পর্কে জড়িয়ে পড়েন এবং ২০১৫ সালের আগস্টে বিয়ে করেন। এলিনের সঙ্গেই এখনো সংসার করছেন অভিনেত্রী।

এর আগে রুমানা প্রথম বিয়ে করেছিলেন ২০০২ সালে। নির্মাতা ও উপস্থাপক আনজাম মাসুদের সঙ্গে তার সেই সংসার মাত্র এক বছর টিকেছিল। ২০০৪ সালে আবারও বিয়ে করেন অভিনেত্রী। সেটিও স্থায়ী হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *