আন্তর্জাতিক নারী দিবস গতকাল সারা বিশ্বে উদযাপন করা হয়। এদিন চলচ্চিত্র শিল্পী সমিতিতে নারী শিল্পীদের জন্য বিশেষ আয়োজন করেছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
ওই আয়োজনে উপস্থিত ছিলেন মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী অভিনেত্রী অঞ্জনা। সেখানে তিনি নিপুণদের সঙ্গে দুপুরের খাবারও খেয়েছেন।
অভিনেত্রী বলেন, ‘নিপুণ আমাকে ফোন করে দাওয়াত দিয়েছিল। আমি সমিতিতে গিয়ে অভিভূত হয়েছি। অনেক সিনিয়র শিল্পী ছিলেন সেখানে। নিপুণ সবাইকে দুপুরে খাইয়েছে, উপহার দিয়েছে। আসলে আমরা চাই, শিল্পীরা একতাবদ্ধ হয়ে থাকুক। একজন আরেকজনের বিপদে এগিয়ে আসুক। ভেদাভেদ কখনোই কাম্য নয়।’
নিপুণের নারী দিবসের আয়োজনে আরও উপস্থিত ছিলেন তার প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী চিত্রনায়ক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী চিত্রনায়িকা শাহনূর এবং কার্যনির্বাহী সদস্য জেসমিনসহ অনেকে।
নায়ক সাইমন সাদিক বলেন, ‘নিপুণ আপা হঠাৎ করেই আয়োজনটি করেন। আগে থেকে আমরা প্রস্তুত ছিলাম না। নারী দিবসের দুপুরটা বেশ উৎসবমুখরভাবে কেটেছে। শিল্পীরা যেমন হাসিখুশি ছিলেন, আমরা চাই প্রতিটি দিনই যেন তাদের এভাবে কাটে।’
প্রসঙ্গত, একসময়ের চিত্রনায়িকা অঞ্জনা মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে জিতলেও গত ১৬ ফেব্রুয়ারি তিনি শপথ নেন একা। ছিলেন না তার প্যানেলের বিজয়ী অন্য কেউ। অঞ্জনাকে সেদিন শপথ পড়ান শিল্পী সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন।
মঙ্গলবারও নিপুণের নারী দিবসের আয়োজনে তিনি একাই উপস্থিত হন শিল্পী সমিতিতে। যার কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে নেটগেরিকদের প্রশংসা কুড়িয়েছেন আশির দশকের জনপ্রিয় নায়িকা অঞ্জনা।
