মানুষের ইনকাম বাড়ায় চিকন চাল খাওয়ার প্রবণতা বেড়েছে: কৃষিমন্ত্রী

ঢাকা: মানুষের ইনকাম বাড়ায় চিকন চাল খাওয়ার প্রবণতা বেড়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

বুধবার (৯ মার্চ) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক চু ডংইউ-এর নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর কৃষিমন্ত্রী এসব কথা জানান।

দেশে সরু চালের দাম বাড়ছে জানিয়ে মন্ত্রী বলেন, সরু চালের আসলেই ঘাটতি আছে। মানুষের ইনকাম বেড়েছে। এ জন্য মানুষের মধ্যে চিকন চাল খাওয়ার প্রবণতা বেড়েছে।

তিনি বলেন, আমি টেলিফোন করে কক্সবাজারে কথা বলেছি। তারা বলছে, মোটা চালের দাম বাড়ছে না। এটার দাম গত এক দেড় মাস যাবত ৪০-৪২ টাকার মধ্যেই আছে।

আব্দুর রাজ্জাক বলেন, আমরা আমাদের মতো চেষ্টা করছি। আমাদের ফুড স্টক (খাবারের মজুত) যেটা আছে, প্রোডাকটিভিটি যেটা আছে ইনশা আল্লাহ আমাদের কোনো মেজর প্রবলেম হবে না। কোনো খাদ্য সংকট, হাহাকার এ রকম কিছু হবে না।

কৃষিমন্ত্রী বলেন, আমরা গরিব মানুষকে সহায়তা দিচ্ছি। মানুষের একটু তো কষ্ট হচ্ছে আন্তর্জাতিক বাজারের কারণে। আগামী এপ্রিলে তো আমরা বড় ফসলের মৌসুম পাব। আমি আশা করছি কোনো সমস্যা হবে না।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশের কৃষির উন্নয়নে সহযোগিতা করছে বলে জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, তাঁরা আমাদের কারিগরি সহায়তা দেয়। ডোনারদের সঙ্গে তাঁরা ঘনিষ্ঠভাবে কাজ করে। কীভাবে কীটনাশকের ক্ষতিকর দিকগুলো কমানো যায় তাঁরা সেই বৈশ্বিক নিয়ম তৈরি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *