ভারত থেকে আমদানি বাড়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে কমেছে ৫-৮ টাকা। কয়েকদিনের মধ্যে আরোও কমবে বলে বলছেন বন্দরের ব্যবসায়ীরা।
বুধবার (৯ মার্চ) সকালে গিয়ে দেখা যায়, পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩২ টাকা কেজি দরে। এই বাজারে গত সপ্তাহে ভারতীয় পেঁয়াজের দাম ছিলো ৩৮ থেকে ৪০ টাকা। ৫০ টাকার দেশি পেঁয়াজ এখন পাইকারি বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা দরে। তা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকা দরে।
হিলি বাজারে সবজি কিনতে আসা লুৎফর রহমান বলেন, ‘গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দম কিছুটা কমেছে। ৩২ টাকা করে ৫ কেজি পেঁয়াজ নিলাম।’
পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, ‘ভারত থেকে পেঁয়াজের আমদানি অনেক বেড়ে গেছে। যার কারণে দামও কমতে শুরু করেছে। আজ আমরা ভারতীয় পেঁয়াজ ৩২ টাকা পাইকারি দিলাম এবং দেশি পেঁয়াজ ৪৫ টাকা দরে পাইকারি দিচ্ছি।’
হিলি কাস্টমস সুত্রে জানা যায়, মঙ্গলবার ভারত থেকে হিলি বন্দরে ৩২ টি ট্রাকে ৯০১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
