Home দেশের খবর শাহজাদপুরে মাছ ধরার বাউত উৎসব শুরু

শাহজাদপুরে মাছ ধরার বাউত উৎসব শুরু

0
131

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরের বিভিন্ন নদ-নদী, খাল-বিল থেকে বর্ষার পানি নামার সঙ্গে সঙ্গে ঐতিহ্যবাহী বাউত উৎসব শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারেও উপজেলার বিভিন্ন নদী ও খাল বিলের পানিতে নেমে পলো দিয়ে সৌখিন মাছ শিকারিরা মাছ শিকারে মত্ত হয়ে উঠেছেন।

স্থানীয় ভাষায় এসব মাছ শিকারকে বলা হয় ‘বাউত’। বিভিন্ন বিলাঞ্চলের বিভিন্ন নদ-নদী ও বিলের পানিতে মাছ শিকারে সবাই দলবেঁধে নেমে পড়ছেন। তবে অন্যান্য বছরের তুলনায় এবার মাছের আনাগোনা কম হওয়ায় বেশির ভাগ বাউতদের ফিরতে হচ্ছে খালি হাতে।

রবিবার (৬ মার্চ) সরেজমিনে উপজেলার ফুলঝর নদীতে দেখা যায় শত শত সৌখিন মাছ শিকারি মাছ শিকারে নেমে পড়েছেন। কেউ মাছ পাচ্ছেন আবার কেউবা ফিরছেন খালি হাতে। উপজেলার বিভিন্ন স্থান থেকে বাউতরা এসেছেন মাছ শিকারে। এই মাছ ধরার উৎসবে মেতে উঠছেন শিশু-কিশোর, যুবক থেকে শুরু করে বৃদ্ধরা।

এই বাউতে বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে শোল, বোয়াল, আইড়, গজার,রুই,টাকিসহ হরেক রকমের মাছ। বাউতে মাছ শিকার প্রেমিক মোঃ আব্দুস ছাত্তার বলেন, মাছ পাওয়া না পাওয়া বড় কথা নয়, ব্যতিক্রমী এ উৎসবে যোগ দিতে পেরে আনন্দ উপভোগ করাটাই আমাদের কাছে মুখ্য বিষয়।

উপজেলার মশিপুর গ্রামের মোঃ বাহাদুর হোসেন, নরিনার গ্রামের চাঁন, ব্রজবালার ইয়াছিন, মশিপুর গ্রামের ওমর হোসেন, বনগ্রামের লালু সরকারসহ বেশ কয়েকজন বাউত সৌখিন মৎস্য শিকারি জানান, প্রতি বছর এই সময়টার অপেক্ষায় থাকেন তারা। মোবাইলের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে করতোয়া নদী ফুলঝর নদী ও বিভিন্ন বিলে পলো নিয়ে মাছ শিকারে নেমে পড়ছেন। দলবদ্ধ হয়ে মাছ ধরা এক ধরনের উৎসবে পরিণত হয়েছে।

এছাড়া বাউত উৎসব গ্রাম বাংলার ঐতিহ্য। এই ঐতিহ্যকে কখনো তারা হারাতে দেবেনা।এবং ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রতি বছরই বাউত উৎসবে যোগ দিবেন বলে জানালেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here