প্রথম দৃশ্যেই পরীমণি আমাকে অবাক করে দিয়েছে: অরণ্য আনোয়ার

এই মুহূর্তে দেশের সবচেয়ে চর্চিত নায়িকা নিসন্দেহে পরীমনি। তাঁর সিনেমা, বিয়ে, বাচ্চা, আইনি লড়াই সবই থাকে খবরে। শুক্রবার (০৪ মার্চ) মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ‘মুখোশ’।

ওই দিন বেশ কয়েকটি হলে গিয়ে প্রচারণায় অংশ নিয়েছিলেন তিনি। পরে রাতেই নির্মাতা অরণ্য আনোয়ারের ‘মা’ ছবির শুটিংয়ে অংশ নিতে গাজীপুরে রওনা হন পরীমনি। টানা ১০ দিন শুটিং করবেন সেখানে।

গতকাল শনিবার গাজীপুরের শালনা অঞ্চলের লোকেশনে পরীমনির শুটিং শুরু হয়েছে। এ ছবিতে প্রথম শুটিং তাঁর। বীণা চরিত্রে অভিনয় করছেন পরীমনি। তিনি বলেন, ‘রাতে এসেছি। দুপুরে শুটিং শুরু হয়েছে। ১০ দিনের শিডিউল দেওয়া আছে। এ ধাপেই শুটিং শেষ হয়ে যাবে। শারীরিক কারণে আমি তো মাঝেমধ্যে একটু অসুস্থ হয়ে পড়ি। এ জন্য কাজটি টানা শেষ করতে চাইছি।’

শনিবার বিকেলে লোকেশন থেকে মুঠোফোনে ছবির পরিচালক অরণ্য আনোয়ার জানান, দুপুর থেকে দুটি দৃশ্য শেষ করেছেন। তৃতীয় দৃশ্যের জন্য প্রস্তুতি নিচ্ছেন। পরীমনির প্রথম দিনের শুটিং নিয়ে দারুণ খুশি অরণ্য আনোয়ার। তিনি বলেন, ‘আমার প্রথম সিনেমা। পরীর সঙ্গে প্রথম কাজ। চিন্তায় ছিলাম, অভিনয়টা কতটুকু দিতে পারবেন পরী। কিন্তু প্রথম দৃশ্যেই আমাকে অবাক করে দিয়েছেন পরীমনি। জাস্ট উড়াইয়ে দিয়েছেন পরী। তাঁর প্রতি আমার ধারণাই পাল্টে গেছে।’

পরিচালক জানান, পরীর শারীরিক কথা ভেবে কিছুটা টেনশনে ছিলেন তিনি। বলেন, ‘যেহেতু পরীর ঘরে নতুন অতিথি আসবে, এ জন্য নিজেকে সময় দিচ্ছেন তিনি। তারপরও পরী সাবধানতা অবলম্বন করে নিজের আগ্রহে কাজটি শেষ করে দিচ্ছেন। ১০ দিনের শিডিউল আছে। এভাবে কাজ করতে পারলে আশা করছি, এক সপ্তাহেই শেষ করতে পারব শুটিং। পরীমনিও সেই সহযোগিতা করছেন আমাকে।’

অরণ্য আনোয়ার জানান, গত ২৫ জানুয়ারি ‘মা’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গাজীপুরে যান পরী। ২৬ জানুয়ারি শুটিং শুরু হওয়ার কথা থাকলেও মধ্যরাতে পরীমনির জ্বর-কাশিসহ করোনার লক্ষণ দেখা দেয়। যার ফলে তাকে দ্রুত ঢাকায় হাসপাতালে নেয়া হয়। পরে অসুস্থতার জন্য নির্মাতা শুটিং প্যাকআপ করার সিদ্ধান্ত নেন।

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমা নির্মাণ করছেন নির্মাতা অরণ্য আনোয়ার। ১৯৭১ সালে মৃত ঘোষণা করা সাত মাসের এক সন্তানকে নিয়ে অসহায় মায়ের গল্প তুলে ধরা হবে এই সিনেমায়। প্রথম লটের শুটিং চলে ০৫ নভেম্বর পর্যন্ত।

প্রথম লটের চিত্রায়নে অংশ নেন আবুল কালাম আজাদ, সাজু খাদেম, ফারজানা ছবি, রোবেনা করিম জুই,শিল্পী সরকার অপু, লাবন্য প্রমুখ। সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করছেন পরীমনি। মা সিনেমার গল্প লিখেছেন পুলক কান্তি বড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *