এবার আনুষ্ঠানিকভাবে জায়েদ খানকে বয়কট ঘোষণা

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন থেকেই এ নিয়ে কানাঘুষা শোনা যাচ্ছিল। নিষিদ্ধ ঘোষণা করা হবে নায়ক জায়েদ খানকে। অবশেষ আনুষ্ঠানিক এক বিবৃতিতে এই ঘোষণা দিলো চলচ্চিত্রের ১৮ সংগঠনের সম্মিলিত চলচ্চিত্র পরিবার।

সেখানে বলা হয়েছে, শিল্পী সমিতির নির্বাচনের দিন চলচ্চিত্রের বাকি সংগঠনগুলোর সদস্যদের ঢুকতে দেওয়া হয়নি। সেদিন অনেক নামি পরিচালক-প্রযোজক ও অন্যান্য কলাকুশলী গেটের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে যান। বিষয়টিকে চলচ্চিত্র ও এখানকার মানুষদের জন্য অপমান ও লজ্জাজনক বলে দাবি চলচ্চিত্র পরিবারের।

তদন্ত ও নানা পর্যালোচনা করে চলচ্চিত্র পরিবার নিশ্চিত হয়েছে জায়েদ খানের জন্যই মূলত সবার প্রবেশ নির্বাচনের দিন নিষিদ্ধ করা হয়। তাই সম্মিলিতভাবে জরুরি বৈঠকে আজ শনিবার জায়েদ খানকে চলচ্চিত্রের সার্বিক কাজে বয়কট চলচ্চিত্র পরিবার।

চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি।

চলচ্চিত্র পরিচালক সমিতির প্যাডে প্রকাশ করা সেই চিঠিতে লেখা, ‘সদ্য হয়ে যাওয়া শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সকল সংগঠন বিস্তারিত আলোচনা করেন উক্ত নির্বাচনে চলচ্চিত্র-সংশ্লিষ্ট কোনো সংগঠনের সদস্য বিএফডিসিতে প্রবেশ করতে পারেনি, শুধু শিল্পী সমিতির ভোটার ছাড়া, যা ছিল চলচ্চিত্রসংশ্লিষ্ট সকলের জন্য অপমানজনক।

‘আর এ ঘটনার পেছনে শিল্পী সমিতির সদস্য জনাব জায়েদ খানের ভূমিকা প্রমাণিত হওয়ায় সকল সংগঠনের নেতৃবৃন্দ এ সিদ্ধান্তে উপনীত হয় যে, জনাব জায়েদ খানের সঙ্গে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮ সংগঠনের কোনো সদস্য কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবেন না।

‘আজ থেকে জায়েদ খানকে আনুষ্ঠানিকভাবে বয়কট করা হলো। সকল সংগঠনের সম্মিলিত পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সিদ্ধান্ত বলবৎ থাকবে।’

সভায় ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানের পরিকল্পনাও করা হয়েছে।

২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এতে প্রথমে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হন। পরে অভিযোগের ভিত্তিতে জায়েদের পদ বাতিল হয় এবং নিপুণ হন সাধারণ সম্পাদক।

পরে ঘটনাটি হাইকোর্টে গড়ায়। সেখানে জায়েদকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করলে নিপুণ আপিল করেন এবং সাধারণ সম্পাদক পদটিতে স্ট্যাটাসকো বা স্থিতাদেশ দেয়া হয়।

একাধিকবার শুনানির পর বৃহস্পতিবার জায়েদকে আবারও বৈধ সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধেও আপিল করেছেন নিপুণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *