লালমনিরহাটে ছাত্রলীগ-ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ লাঠিচার্জ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

ছাত্রলীগ-ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া ও পুলিশের লাঠিচার্জে উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল মিয়া ও সদস্য সচিব আবদুল্লাহ আল নোমানসহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে।

শনিবার (০৫ মার্চ) দুপুরে হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের ন্যায় হাতীবান্ধায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি পথেই পুলিশের বাঁধা পেলে ওই স্থানেই বক্তব্য দিতে শুরু করেন বিএনপির নেতারা।

এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা মেডিকেল মোড়ে আসলে ছাত্রলীগের নেতা-কর্মীরাও মেডিকেল মোড়ে আসে। ফলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ লাঠি চার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এতে উভয় পক্ষে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় ছাত্রলীগ ও ছাত্রদল একে অপরকে দায়ী করেছেন।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *