চলতি বছরের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের পর থেকে কাদা ছোড়াছুড়ি চলছেই। এবার বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জায়েদ খান আর নিপুণের বিয়ে দেওয়ার দাবি জানান!
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে এক লাইন লেখার রুচি নাই। তবুও আজকে আর না লিখে পারলাম না। ’
‘জায়েদ খান আর নিপুণের বিয়ে দিয়ে দেওয়া হোক। কারণ তারা দু’জনই বর্তমানে সিঙ্গেল। বিয়ের সমাধান ছাড়া রাশিয়ার প্রেসিডন্ট পুতিনও এই সমস্যার সমাধান করতে পারবে না। অসহ্য……’-যোগ করেন তিনি।

উল্লেখ্য, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে অনেকদিন ধরেই ঝামেলা চলছিল। শেষ পর্যন্ত আদালতের রায়ে পদ ফিরে পেয়েছেন জায়েদ খান। গত ২ মার্চ জায়েদের পক্ষে রায় দেন আদালত।
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিত্রি নির্বাচন। এতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন জায়েদ খান ও নিপুণ। নির্বাচনের প্রাথমিক ফলাফলে জয়লাভ করেন জায়েদ। এরপর পুনর্গণনাতেও তিনি জয় পান।
পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলেন নিপুণ। সেই প্রেক্ষিতে পদটি নিয়ে শুরু হয় বিতর্কের ঝড়। বিষয়টি সমাধানের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয় নির্বাচনের আপিল বোর্ডকে। তারা তদন্ত শেষে জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে এবং নিপুণকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করে।
এরপর জায়েদ খান আদালতের রিট করেন। সেই রিটের বিপরীতে আবার নিপুণ আপিল করেন। সবমিলিয়ে পদটি নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত তৃতীয়বারের মতো জায়েদই হলেন শিল্পীদের নেতা।
এদিকে জায়েদ খানের পক্ষের এই রায় মানেন না নিপুণ। জানা গেছে, সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা ফিরিয়ে দেওয়া রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল করেছেন।
