বই লিখলেন মিথিলা, মোড়ক উম্মোচন করল মেয়ে আয়রা

অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক রাফিয়াত রশিদ মিথিলা অনেক আগ থেকেই লেখালেখির সঙ্গে জড়িত। নিজের অনেক গানের কথাও লিখেছেন তিনি। লিখেছিলেন বইও। গত বইমেলায় তিনি প্রকাশ করেন ভ্রমণবিষয়ক বই ‘আইরা আর মায়ের অভিযান: তানজানিয়ার দ্বীপে’। যেখানে তিনি তুলে ধরেন তানজানিয়ার দ্বীপে ঘুরে বেড়ানোর গল্প। যার জন্য বেশ সাড়াও পান।

তারই ধারাবাহিকতায় এবারের বই মেলায় প্রকাশিত হলো ‘আইরা আর মায়ের অভিযান’ সিরিজের নতুন বই ‘আফ্রিকায় সিংহের খোঁজে’।

আজ শনিবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে মেলায় গিয়ে বইটির মোড়ক উম্মোচন করেন মিথিলা ও আইরা। এ সময় বইটি নিয়ে নিজেদের অনুভূতিও প্রকাশ করেন মা-মেয়ে।

শিশুতোষ গ্রন্থের ব্র্যান্ড গুফি থেকে প্রকাশ পেয়েছে বইটি। এই সিরিজের পাঁচটি বই লেখার জন্য প্রকাশনা সংস্থা গুফির মূল প্রতিষ্ঠান লাইট অফ হোপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মিথিলা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মিথিলা বলেন, ‘‘শিশুদের জন্য আগেও আমি বই লিখেছি। তবে এই সিরিজের বইগুলো বিশেষ। কাজের সুবাদে মেয়েকে নিয়ে আফ্রিকার বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে হয়েছে আমাকে। সেই অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতাগুলো নিয়েই লেখা আমার এই সিরিজের দ্বিতীয় বই ‘আফ্রিকায় সিংহের খোঁজে’। বইটি ৫ থেকে ৮ বছরের শিশুরা পড়ে মজা পাবেন। এর চেয়ে ছোট শিশুদের বাবা-মা পড়ে শোনাতে পারেন।’’

শিশুদের বাংলা বই পড়ানোর তাগিদ দিয়ে মিথিলা বলেন, ‘আমি বাবা-মায়ের উদ্দেশ্যে বলব আমাদের সন্তানেরা এখন ছোট থেকেই ইংরেজিতে ভালো করছে, পাশাপাশি সন্তানদের বেশি করে বাংলা বই পড়ান।’

আগামী বইমেলায় সিরিজের তৃতীয় বই আসবে বলে আশা প্রকাশ করেন মিথিলা।

গুফির হাউস এডিটর কুয়াশা হাবীব জানান, আগামী বছর বইমেলায় আসতে পারে মিথিলার এই সিরিজের তৃতীয় বই। এটি হবে উগান্ডা ভ্রমণের ওপর ভিত্তি করে, বইটি নাম এখনো ঠিক হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *